২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড

জাহিদ হায়দার

Published : 05 Feb 2020, 07:01 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


স্ট্যাচু অব লিবার্টি যখন তখন সেলফি তোলে।

চিন্তায় চোখমুখ বিষন্ন হয়ে যায়,
হাডসনের সাবলীল ঢেউয়ে
আমার ঋজুতার ছায়া কাঁপে না কেন?

লিবার্টি অবাক হয়ে ভাবে
এখনো অবাক হওয়ার মতো
আমার কিছু অনুভব আছে।

সুন্দর সেলফিতে
হাতের মুঠোতে
আকাশ ছুঁতে চাওয়া মশালের আলোতে
রক্ত কেন?

নদীর স্বচ্ছ পানিতে রক্তকথা ধুয়ে
যেন লেডি ম্যাকবেথ, রূপের প্রতিমা,
আবার সেলফি তুললেন,
কী ভাবে দুই হাতে পরমাণুঅস্ত্র এলো?

থাকুক।
ফটোশপ করে রক্তের উষ্ণ হাসি
আর অস্ত্রের সুন্দর হত্যাক্ষমতা
শান্তির বাণী আর ফুল দিয়ে ঢেকে দিলেই চলবে।

কপারের নারীপ্রতিমা আত্মপ্রেমে বিশ্বকোষ।
সকালের উজ্জ্বল রৌদ্রে সেলফি না তুললে
এই জন্মের পথিক হওয়া বৃথা দিন, বৃথা রাত।

এ কী ধূলিশয্যা কান্ড!
এক চোখের ভেতর
মেরেলিন মনরো বিকিনি পরে হাডসনে চিত সাঁতার দিচ্ছে,
অন্য চোখে লাল গোলাপ হাতে জন এফ কেনেডি।

লিবার্টি মনে করছে,
খুব গোপনে কোনো এক দেশ
স্মর্টফোনে ঘুণপোকার ষড়যন্ত্র-প্রোগ্রাম ঢুকিয়ে দিয়েছে।

স্টাচু মনে করছে,
সেলফির সব ছবি স্বাধীনতার অংশ,
আমার লিবার্র্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড (!)।
১৯.০১.২০২০