২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস গায়েন: সময়ের রঙ, বিষণ্ণ মুখ ও বরফপ্রপাত

তাপস গায়েন

Published : 01 Jan 2020, 08:38 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM

[১] সময়ের রঙ

আমি তোমার দর্শন অভিলাষী,
কিন্তু কতবার বদলে গেছে আলোর গতিপথ
এই পৃথিবীর বনপথ ঝরাপাতায় এখন উন্মাদঅস্থির…
আর নক্ষত্রের পদচারনায় দীপ্ত মহাকাশ, তবু

ঘুম ও জাগরণের মাঝে
হাঙর এসে গিলে খায় আমার সময়ের বৈভব
অবয়বহীন তোমাকে দেখে ফেলি আমি, কিন্তু
কুয়াশায় ভরে ওঠে আমার দুচোখ

আমি থেকে যাই তোমার দৃষ্টির অলক্ষ্যে দণ্ডায়মান
যে গাঙচিল বসে আছে জাহাজের মাস্তুলে
তার পুচ্ছে দোলে সময়ের মহাকাল
চলে গেছে আম্বুলেন্স, কিন্তু বাজে নি সাইরেন

ঘুমের গভীরে পেয়েছি মৃত্যুর সংকেত
তবু ঘুম ভেঙ্গে গেলে দেখি ঝরছে বরফ,
যেন প্রকৃতি নিয়েছে প্রাচীন হিন্দু বিধবার বেশ
আকাঙ্ক্ষা গভীরে চিতাগ্নি জ্বলে, আর হৃদে মহাকাশ জাগে !

ব্রুকলিন, নিউইয়র্ক, ডিসেম্বর ১১, ২০১৯


চিত্রকর্ম: তাশমিন নূর

[২] বিষণ্ণ মুখ

প্রতিটি রুগ্ন শিশুর নামের পাশে জেগে ওঠে
উদ্বিগ্নতায় আকীর্ণ বিষণ্ণ মায়ের মুখ
যুদ্ধ বুঝি শেষ হোল; জনহীন প্রান্তরে আসন্ন সন্ধ্যায়
মা ভাত রাঁধে আর সাদা নক্ষত্র জেগে ওঠে

অন্য এক পৃথিবীতে
শান্ত স্রোতস্বিনীতে ভেসে যায় অজস্র মাটির প্রদীপ
এইভাবে জেগে ওঠে জন্মান্তর, কিন্তু
হৃদয়ে জাগেনি অবলোকিতেশ্বর

জতুগৃহের এই পৃথিবীতে আমাদের বসবাস
নির্বাক আমরা, নির্লিপ্তি আমাদের, তাই
রুগ্ন শিশু আর বিষণ্ণ মাতৃমুখ নিয়ে
মানুষ চলেছে নিরুদ্দেশ যাত্রায়

মাতা কুন্তী এবং মাতা গান্ধারী-এই দুই
মাতৃহৃদয় যদিও ধরে রাখে কুরুক্ষেত্রের অন্তর্বিশ্ব, তবু
বিষণ্ণ মায়ের কোলে যদি ভাসে রুগ্ন শিশুর মুখ, তবে মাতা মেরী,
অন্য এক সমান্তরাল বিশ্বে, আপনি-ই মাতা শচী !

ব্রুকলিন, নিউইয়র্ক, ডিসেম্বর ১৫, ২০১৯

[৩] বরফপ্রপাত

অনুগত নারীর মতো শীতের সন্ধ্যা নামে
আমি আপন কক্ষের নির্জনতায় বসে থাকি
অদূরে পূর্ণ পানপাত্র, কিন্তু তার কোন অস্থিরতা নেই

কোলাহলরত ছিল আমাদের সময়
মাটি, জল, রোদ, আর খনিজে পূর্ণ তোমার শরীর
গ্রীষ্মের উপত্যকায় ছিল আমাদের উজ্জ্বল নগ্নতার দিন
তোমাদের ধ্মনীতে রক্তের প্রবাহ শুনে
আঙ্গুর জন্মের আখ্যান জেনেছি একদিন
এই দেবালয়ে কতো দেবীর আরতি হোল
আর জন্ম হোল মানবের

রাত গভীর হয়ে আসে
সাদা বরফের চাদর আমাকে ভাসিয়ে নিয়ে যায়; ভাবি,
সেইসব দেবতার সন্তান, যারা বাস্তুচ্যুত, যারা নিরন্ন
বরফের কণা হয়ে তারাও কী ভেসে যাবে দিগন্তে !

আমার পানপাত্র কেঁপে ওঠে, কারণ
বিপ্রতীপ পৃথিবীর দর্পণে অনাবৃত হতে থাকো তুমি…

ব্রুকলিন, নিউইয়র্ক, ডিসেম্বর ১৮, ২০১৯