২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশ রায়-এর বিষন্নতার ভয়

স্বদেশ রায়

Published : 01 Dec 2019, 10:10 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি

মাঝে মাঝে একটি অন্ধকার, অচেনা এক বিষন্নতাকে সঙ্গী করে
আমার চোখের সামনে এসে দাঁড়ায়।
তাকে তাড়ানোর জন্যে ওই গভীর অন্ধকারে আমি তোমার মুখ খুঁজি
যে তুমি একদিন আমাকে বলেছিলে, আমাকে দেখলে তোমার পদ্মফুলের কথা মনে পড়ে।
তখন বামন পাড়ার পুকুরে অনেক পদ্মফুল ছিলো।
ওই পদ্মফুল ও তোমাকে ফেলে আমি আটলান্টিক পাড়ি দেই –
তখন তোমার জন্যে আমার একটুও পিছুটান ছিলো না, মনে পড়েনি বামন পাড়ার পুকুরের কথা।
এরপরে কেটে যায় বহুকাল, একদিন ফ্লোরিডার একটি লেকে ফুটে থাকা পদ্মগুলো আমাকে দেখে
বাঙ্মময় হয়ে ওঠে। আমাকে একাকী পেয়ে ওরা শুধুই কথা বলতে থাকে। ওদের স্বরে আমি তোমার
গলা শুনতে পাই। মনে হয় সেই মধ্য দুপুরে ঠাকুর পাড়ার বটতলায় তুমি যেভাবে বলতে,
'আরেকটু সময় বসো না আমার পাশে, কীসে এত তাড়া, এত ভয়…'
ওরাও ঠিক একই কথা বলতে লাগলো আমাকে।
বাসায় ফিরে সাত দিনেই সব কিছু চুকিয়ে ঢাকা এয়ারপোর্টে নামি।
হঠ্যাৎ টার্মিনালটা আমার চোখের সামনে অন্ধকারে ঢাকা পড়ে গেলো।
ভয় পেলাম আমি! মনে হলো, কেউ যদি এ সময় পাশে থাকতো!
এর পরে সোজা ছুটে গেলাম বামন পাড়ার পুকুরের খোঁজে –
হায় সেখানে এখন পিচ ঢালা রাস্তা- টঙে বসে থাকা ছেলেরা কেউ জানে না,
কোথায় ছিলো পুকুরটি। ঠাকুর পাড়ার বট তলায় বড় অট্টালিকা।
কয়েক মাস কেটে গেলো এভাবে পুরোনো সব কিছু খুঁজতে খুঁজতে…
মনে হলো এর থেকে নাবিক হলে ভালো হতো….
হাল ভেঙ্গে দিশেহারা সাগরে…..
হঠ্যাৎ একটা অচেনা লোক আমার আয়নায় এসে দাঁড়ালো
এক মুখ শাদা দাঁড়ি , এক মাথা শাদা চুল…..
মনে হলো, কবে কোথায় যেন এর চোখের সঙ্গে মিল আছে এমন কোন তরুণকে দেখেছিলাম।
তারপর ধীরে ধীরে চিনতে পারি তাকে।
মনটাকে বলি, আর নয়, এবার বিচ্ছিন্ন কোন দ্বীপে চলো।
চলে এসেছি তাই। চারপাশে জঙ্গল, পাইথন, আর দূরে বন্ধু টমের আস্তানা-
যে রোজ ধ্যান করে যোগাসনে বসে দীর্ঘ আমেরিকান শরীর নিয়ে।
আমি সারাদিন জঙ্গলে পাখি দেখি, গান শুনি ওদের।
আর গভীর অন্ধকার যখনই একটা বিষন্নতাকে সঙ্গে নিয়ে আসে, মনে করি তোমার মুখ
ঠাকুর পাড়ার বটতলার তোমার সেই মুখ।
এই বিচ্ছিন্ন দ্বীপ থেকে আমি আর কোথাও যাবো না-
যদি পাছে তোমাকে দেখে হারিয়ে ফেলি তোমার মুখ।