২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস গায়েন-এর অর্ধদগ্ধ মুখ, শীত সন্ধ্যা ও হেমন্ত গান

তাপস গায়েন

Published : 20 Nov 2019, 09:23 AM

Updated : 02 Sep 2022, 08:34 PM


[১] আমার অর্ধদগ্ধ মুখ

অনেক কাজের ভীড়ে,সকল কর্মই
শেষাবধি রয়ে গেল প্রায় অসমাপ্ত,বড়জোর অর্ধসমাপ্ত
অনির্দ্দিষ্ট এই জীবন যেন পুরীর জগন্নাথের অর্ধদগ্ধ মুখ…

কী সত্যে যে বেঁচে আছি,তাও রয়ে গেল অজানায়
যুদ্ধশেষে স্বয়ং শ্রীকৃষ্ণ আমি; দ্রৌপদী,
তোমার দেহের অশেষ গুঞ্জন এখনও বিদ্ধ করে আমাকে,
সকল কোলাহলে থেকে যাই শ্রুতিহীন
আজ অপস্রিয়মাণতায় বিদ্ধ আমি !

প্রজাপতি পাখনায় উত্তোলিত যে পৃথিবী
সেইখানে সূর্য বিকিরিত অজস্র ক্ম্পনতরঙ্গে
অবিরল পাতা ঝরে- লাল, হলুদ,আর খয়েরি
সন্ধ্যাঅন্তে এতো পাতা জড়ো করে কোন সে তুমি !
যারা মাতাল আর জুয়াড়ি, তারাও চলে গেছে বাড়ি
আকাশের নীচে এক সাঁকোর সমান্তরালে শুয়ে আছি আমি
ঘুমের গভীরে ধূমকেতু ঝরাপাতায় এসে জ্বালায় আগুন
সেই চিতাগ্নিতে পড়ে আছে আমিহীন আমার অর্ধদগ্ধ মুখ…

[২] শীতসন্ধ্যা

শীতের এক অপরাহ্ণ এখনও লাটিমের মতো আবর্তনশীল
যেন এই গ্রহে ঘূর্ণনের কোনও মন্দন নেই,
দিগন্তে সূর্য অস্তায়মান, কিন্তু নিরালম্ব এই হৃদয়
নাবিকহীন জাহাজের মতো ভাসমান

আর বাকহীন তুমিই তো কালের ঈশ্বরী !
আড়ম্বরহীন ছিল আমাদের বিদায়,
যেভাবে নির্ধারিত হয়ে আছে আমার মৃত্যু
বন্ধুহীন শবযাত্রায় !

কোথাও কী যাবার কথা ছিল,
কুয়াশাচ্ছন্ন ফেরিঘাটে কেন যে দাঁড়িয়ে রয়েছি দীর্ঘকাল
সন্ধ্যায় দেখি দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো
কিন্তু তুমি থেকে যাও অদৃশ্যমান

একদিন সময় এসে নিয়ে যাবে
সময় নির্মিত সময়ের মুখ
তবু আমাদের থেকে যেতে হয়
আলোর অনতিক্রম্য কোন এক অলোক-দূরত্বে !

[৩] হেমন্ত গান

এই অপস্রিয়মাণ অপরাহ্ণে,এই সঙ্গীতমুখর জলের প্রবাহে
ভেসে যায় প্রতিফলিত আকাশ,আর অনতিদূর দিগন্তের বর্ণিল পাহাড়
কে নির্ধারণ করে এই গতি, গতির ত্বরণ কিংবা মন্দনের অভিমুখ
জীবন শেষাবধি রয়ে গেল গ্রহের মতো অনির্ণীত, ভ্রাম্যমাণ; যদিও
বহুবর্ণের বৃক্ষরা স্বাধীন; তবে তাদের অস্তিত্বে নয়, বরং তাদের ব্যাপ্তিতে
মাধ্যাকর্ষণকে মান্য করে দ্বীপান্তরে পাখিরাও ব্যথিত স্বাধীন
অপস্রিয়মাণতা আমাকে বিষাদ্গ্রস্থ করে,
লঘুসপ্তর্ষিমণ্ডলীর পথ ধরে আমার দৃষ্টি দীপ্যমান হতে চায়, কিন্তু
মহাজাগতিক ধূলি এসে আমাদের দিকভ্রান্ত করে !
অনতিদূর দিগন্তে বিস্তৃত পাহাড়ে মুখরিত বনাঞ্চল;
ক্যারোটিনয়েডে ব্যাপ্ত গাছের পাতা হলুদ,খয়েরি,কিংবা লাল
আর যা শ্রুতিগোচর তা হোল ধূমকেতুর নিঃশব্দ প্রস্থান…
আর তোমার অনুচ্চারিত ক্রন্দন…
স্বপ্নের গভীরে আমার হয়েছে মৃত্যু অনেক সহস্রবার
তবু পাতা ঝরার শব্দে জেগে উঠে দেখি
তোমার মুখাবয়ব মহাকালের মতো অদৃশ্যমান !

ব্রুকলিন, নিউইয়র্ক, অক্টোবর-নভেম্বর,২০১৯