মিজান মালিক-এর দুটি কবিতা
ভালবাসা
.
নিজের মনের কাছে খুব অজান্তেই
নির্বাসিত হয়ে আছ সেই তুমি আজ
স্বপ্নচারী যে ছিলে তুমি এ যাবতকাল
তোমাকে কি মানায় এই লাজ!
কি নেই তোমার কাছে বলতে পার?
সবই আগলে রেখেছো নিজের কাছে
কিসের ভয় তোমার মেঘের মত তুমি
আড়াল হয়ে আছো দূর আকাশে।
বৃষ্টি নামলেই উদাসী হয়ে ওঠো তুমি
কতবার যে বলেছো কথায় কথায়
হঠাৎ অচেনা রোদ্দুরে চারদিক খাঁখাঁ
বৃষ্টি নামল বুঝি অথচ তুমি দ্বিধায় ।
এমন কি হতে পারে না তুমি আসবে
মনের জমিনে নির্বাসন থেকে বেরিয়ে
ভুল অংকের খাতা ছুঁড়ে দেবে ফেলে
ভুল নয় কথাই হবে ভালবাসা নিয়ে।
একদিন সব হবে
.
বিষন্ন মনের বাগানে ফোটা পলাশ
পাপড়ি মেলে জানিয়ে দেবে-
তোমার সাধনায় ছিল।
একমুঠো শুভ্র হাসি-
তোমায় করে দিতে পারে এলোমেলো
একটু উদাসীনতা তোমায় বেশ মানায়ও।
জানি একদিন সব হবে
এমন কথাই হয়েছিল জোছনার তারাভরা রাতে
একদিনের সেই উতলা প্রহরের জন্য হাত পেতেছি
ভাবনার অন্তর্লীন প্রবাহের কাছে।
ব্যস্ত সময়ের গতরে ভালোবাসার সাহসী চাদর
কজনই বা দিতে পারে!
জানি একদিন সব হবে
পাখিহীন নগরে হতে পারে অভাবনীয় পাখি বৃষ্টি
ভুল বানানের বিষন্ন শব্দগুলো সেই বৃষ্টির ছোঁয়ায়
হারিয়ে যাবে বুকের পাঁজর থেকে।
