২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল হাসান গালিব : শম্পা ও টুম্পার জন্য অষ্টাদশপদী

সোহেল হাসান গালিব সোহেল হাসান গালিব

Published : 15 Nov 2019, 07:58 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


১
পাখিদের ডায়রি-লেখা সে কাহিনি শুধু ওই জানে,
ওই ডুমুরের গাছ—মেয়েটি এমনই ভেবেছিল।
ভেবেছিল, আর কাউকে না, শম্পাদিকে বলা যায়।
বলা যায়, ডুমুরের গাছে তার নাম লেখা আছে।

কী অদ্ভুত! কতনা আড়াল এই পৃথিবীতে! আছে
কতনা গুঞ্জন চাপা প'ড়ে অক্ষরের যক্ষপুরে!
কে লিখেছে কবে, আম-কাটা ছুরি দিয়ে, আঁকাবাঁকা?
রেখেছে কি তবে, যত্নে ধ'রে কেউ—জপমন্ত্রখানি?

তিনিই জানেন সব। তার চশমা থেকে এ বিকেল
খুব বেশি দূরে নয়—শাপলার বিলে ভাদ্রদিন—
ঝিরিঝিরি সিন্ধুলিপি নিয়ে ছলছল বয়ে যায়
সন্ধ্যানদী—সুপারিবনের পাশ দিয়ে। সব কথা
জল হয়ে, জলে মিশে গিয়ে তবু যায় না তো মুছে;
স্রোত-পিঠে একদিন ফুটে ওঠে রামধনু-লেখা।

'পাখিরা কি লেখে প্রিয় কারো নাম গাছের পাতায়?'
প্রশ্ন ছিল সবুজ ডায়রির এক নির্জন কোনায়।
সুন্দর হাতের লেখা। ক্লাস সিক্স। টলোমলো চোখ।
নাম ধরে কেউ না ডাকলেও টুম্পা—একবিন্দু শ্লোক।

২
এ জীবন অপেক্ষার মধুবন—বলি নি তোমায়?
বলি নি এখানে রাতভর শুধু তারামাছি ওড়ে
ঝাঁক বেঁধে আকাশের গায়? চাক ভেঙে কখনবা
ঝরে পড়ে ফোঁটা ফোঁটা মধু, ভেবে দিন তো ফুরায়।

উড়ায় ফুলের গন্ধ—জানালার পাশে কোন যাত্রী—
কোথাও থেমেছে ট্রেন, বুঝি টেনে সে ধরে হাতটি…

লিচুর মতন শাদা মেঘে রক্তিম গোলাপজল
ছিটিয়ে এসেছে ভোর। ডানাভেজা পাখিদের ডেকে
আজ দেবদারু-পাতা যত কথা বলে, তার সব
একদিন ভাষা পাবে আমাদের সন্তর্পণ থেকে।

যেন মৃত স্বপ্ন কার, নড়ে ওঠে বনে ও বাদাড়ে—
ছায়ার করুণ মিনতির পাশে নাচে রোদফণা।
শুনি এক অতৃপ্ত ডোবায় কামরাঙা কথা নিয়ে
জামরুল—খসে পড়ে টুপটাপ ফলেরই সান্ত্বনা।

করতালি পাবে না জেনেও ভিখারি যে গান গায়…
কুকুর-বেড়াল তার পায়ে পায়ে ঘোরে কিছুক্ষণ—
শিশুরাও মুগ্ধপ্রায়। তারপর সুর থেমে গেলে
বোধোদয় ঘটে, দল ভেঙে তারা দূরে সরে যায়।

৩
ঢিল ছোড়া হয়ে গেছে, জলে এসে পড়বেই সে তো।
তার আগে হতে পারে—ভুলে মাছরাঙাটি আহত।

থমকে থেমে যাওয়া কার গান শুনি তবে বাঁশবনে—
ফুলের নামটি তার গন্ধই প্রচার করে নাকি?
সহজিয়া টান লাগা শতাব্দীর পাড়ে, লতাগুল্ম
আর এই ঝোপঝাড়ে স্বেচ্ছাগুম হয়ে পড়ে থাকি—

মাটিতে পা-টিপে-চলা পথ এসে কখন ফুরায়,
কখন ঘাটের গল্প নদীটির চ্যানেল ঘুরায়…

মেঘেদের মন আমি ছুঁয়েছি, বৃষ্টির ফোঁটা নিয়ে
হাতের তালুতে। তবু আধখোলা জানালার দিকে
বাড়াই নি হাত। জানি, একদিন একরাশ হাওয়া
খুলে দেবে আনমনা পৃথিবীর কপাট দুটিকে।

নেমেছে বটের ঝুরি রোদ-পোড়া তেমাথার মোড়ে।
ছায়াতীর্থে বসে পাখি চিঠি লেখে আড়াই অক্ষরে।

কোথাও তরঙ্গ নেই, দ্যাখো, তোমারও কলস শূন্য।
আমার বলার কথা লিখে রাখি জলের পৃষ্ঠায়—
চুরি করে তুমি যদি একবার ঘাটে এসে পড়ো
যেনবা ফেরার পথে জলপিপি তোমাকে তিষ্ঠায়।

৪
পাখিদের পানি খাওয়া দেখে বেশ ভালো লেগে গেল
এ দুপুরটাকে। ভালো লেগে গেল পুকুরের জলে
চিরুনি-বুলানো হাওয়া। এখনও বৃষ্টির শব্দে কোনো
ট্রেন এসে থামে নি তো। হয়তোবা আজ থামবে না।

রেল উপড়ে ফেলার খবর আসে পাতার মর্মরে
নিখিলের নেটওয়ার্ক-ছিন্ন এই শান্ত মফস্বলে।
পথের কুকুরও জানে, সারি সারি ইউক্যালিপ্টাস
কী সব রটনা করে। বাড়ি থেকে পালিয়ে এখন
ফাঁকা স্টেশনের এক কোণে আর দাঁড়িয়ে থেকো না।

আমাকে লাঞ্ছিত ফেলে কেউ দূরে চলে গেছে ব'লে
সবারই প্রার্থনা অমঞ্জুর থেকে যাবে—কেন ভাবো!
পৃথিবীতে কেটে গেল কত গ্রন্থযুগ, রাশি রাশি
বীরগাথা পাঠ ক'রে। তবুও সম্বিৎ ফিরে এল
আজ এই নিমফুল ঝরা পোড়োবাড়িটার মধ্যে—

শুধু অভিনন্দন জানাতে কারো কারো বেঁচে থাকা।
মঞ্চ থেকে দূরে সমবেদনায় আমিও আসীন—
নেই রৌদ্রে দাঁড়াবার দুরন্ত প্রয়াস বা প্রেরণা;
এখন বরং ছায়া, জল—কী ভীষণ কাছে টানে!

৫
প্রলাপের রঙ গালে মেখে আজ একাকী গড়ায়
যে আপেল, তার মর্ম ছুঁয়েছি বলেই মনে হয়।
ধর্মও বুঝেছি কিছু। টারবাইনগুলি সব দেখি
বাতাসেই নড়ে। আকাশেও খুলে গেছে এই মাত্র
সন্ধ্যার গোপন ড্যাশবোর্ড। পৃথিবীর বুক জুড়ে
মেলে ধরা এই ছেঁড়া মানচিত্রে বসে তাই ভাবছি
কী ভূমিকা কার? অন্ধকারে কে চালায় চুপিচুপি
সেলাই কারখানা? শব্দ নাই কোনো। কে দেবে উত্তর—
রাত্রির কিনারে জেগে ওঠা শিখা কতদূর জ্বলে
রক্তমোম দিয়ে গড়া ঐ দেহটিতে? গলে গিয়ে
ফের ভেঙে গিয়ে তারপর উঠে দাঁড়ালো কোথায়
মনুমেন্ট, মিনার অথবা সে ম্যুরাল? ভাবি আর
যত প্রশ্নমেঘ এসে আজ বনশীর্ষে শিস দিয়ে
পাখিদের ব্যঙ্গ করে। অপদস্থ হৃদয়ের দিকে
পাশ ফিরে দোলনচাঁপাও দোলে তার শুভ্র-শেল
হাসি নিয়ে। তারই জন্যে সব পাঠ ফেলে রেখে দূরে,
সব ঘাট, চিরপোষ্য হয়ে পড়ে আছি—ধিকি ধিকি
বায়ুসখা—রক্তমোম-বিগলিত দেহটির কাছে—

৬
লঞ্চের রেলিং ধরে দাঁড়ালেই আমার কেন যে
হঠাৎ পানিতে পড়ে যেতে ইচ্ছে করে, তাই ভাবি।
শাদা চিল-পাখিদের মনে জাফরানি প্ররোচনা
যেন এই নদী; ঢেউয়ে তার নকশিপাড় বুনে চলে
সূর্যাস্তলিখন। যেতে যেতে তবু কেন আমাকেই
বাতাসে লুকানো সুতো বেঁধে টানে? থেকে থেকে মেঘ
ছড়ায় ইশারা : 'নদী পেরোলেই হিজলের বন।
ওইদিকে যাও। ওইখানে কালো নেকড়ের বাস।'

নেকড়ে না নির্জনতা—কাকে চাই আমি? স্মৃতিকেই
হাঁক দেই : তুই বেলগাছটির সাথে একবার
গিয়ে কথা বল, ঘ্রাণোদ্বেল আশঙ্কার নিচে বসে।
গাছেদের কোনো কাজ নেই, তার পাতার আশ্রয়ে
ফিরে আসা পাখিদের গোষ্ঠী-বিচার বিনা। আজ
আমিও নিজের কোষ্ঠী জেনে নেব জলে ডুব দিয়ে।
বুঝে নেব রাশিচক্র ওই তারামণ্ডলীর কাছে।

'রাশি যাই হোক, লগ্ন শুভ'—বলে গেল মাঝরাতে
বশিষ্ঠ, অঙ্গীরা : 'এইবার এই নদীতে লাফ দে,
ঝাঁপ দে এক্ষুনি। ওরে, জলে ডুবে তুই মরবি না।'

৭
'দিক নির্ণয়ের ভুল ঐ কম্পাসেরও হতে পারে'—
সমুদ্র কি ফণা তুলে বলে যায়, হাওয়ার মিনারে
বধির তারাকে ডেকে ডেকে! 'না না' ধ্বনিটির পাশে
স্তব্ধ ঝাউবন জেগে উঠলেও—নির্জন নির্বাসে

সত্য বলে কিছু নেই—মিথ্যারই মহত্ত্ব কল্পনায়—
যেখানে গল্পের শেষ, সেখানেই রাত্রি গল্প পায়।

অভিযান-কবলিত শতাব্দীর আর্তি নিয়ে তাই
আছড়ে পড়ে ঢেউ। অতি শান্ত উপকূল ভরে ওঠে—
যা কিছু ফেনিল, নোনা, যা কিছু ছড়ায় চেকনাই
ঢুকে যায় পাপীদেরও সঞ্চিত আত্মার আখরোটে।

চুম্বনের স্মৃতি শুধু চুম্বকত্ব—জানে দুটি ঠোঁট—
তারই জন্যে কত না রেডিয়েশন, বিদ্যুৎ-ইশারা…
তবু তাকে ফেলে রেখে আনিখিল জাতিবিদ্বেষের
গান গেয়ে পৃথিবীর ভান থেকে সরে যায় তারা।

দৃশ্যেরা হারায়, হারাতেই থাকে। ফুলের পৃষ্ঠায়
ঘ্রাণের অক্ষরে এ বাতাস কি লিখবে সে মন্তব্য—
সব অনুযোগ অর্থহীন; দিক নির্ণয়ের ভুল
তার নেই, যে কম্পাস, যে জানে না নিজেরই গন্তব্য।

৮
দলছুট একটি পাখিকে দেখি আমার ভিতর—
উড়ে উড়ে বিকেলের রাধাচূড়া-মেঘ পার হয়ে
চাইছে হারিয়ে যেতে, যেন কেউ চিনতে না পারে,
যেন কেউ ভালোবেসে না ডাকে পিঞ্জরে বসে আর।
মুহূর্তের দীর্ঘশ্বাসে এক স্মৃতিসিন্ধু ঢেউ তুলে
যা কিছু আছড়ে পড়ে, যা কিছুই এসে লাগে গায়—
অস্তরঙ পৃথিবীটা বড় অবসন্নতা ছড়ায়।
পদে পদে যেন ঘোর বিপদের মুখে ঘুরে ফিরে
ভিক্ষুর মতন এই দিন আর রাত্রি—ক্লান্তিহীন
বৃত্তরচনায় কোন এক স্থির বিন্দু লক্ষ করে।

অথচ সান্ত্বনা নয়, তেমন স্নেহার্ত স্মিতমুখ
কাউকে পাই নি আমি আয়ুর শিখাটি বয়ে নিতে।
আগুন পেরোতে গিয়ে তাই শুধু ধোঁয়ার কুণ্ডলি
বেয়ে উঠে হয়ে গেছি শূন্যচারী—তারও কিছু বেশি।
জেনে গেছি কেউ নয় এই বেদনার প্রতিবেশী।
মানুষের কাছে তবু ফিরে আসা ছাড়া কোথায়বা
অন্ত্যেষ্টির সুখ—দৃষ্টি সে উৎসুক নিভে যায় ক্রমে
ভাবনার ভিতর প্রসঙ্গ বদলের উপশমে…

৯
খরগোশ-ছানা দুটি ভীরু, তবে এত ভীরু নয়
সম্ভাষণ ভুলে যাবে। ফুলঝরা সেই বাক্যালাপ,
খুনসুটি শেষ করে আজ ওরা কোন ভাষা বলে?
জানবে কি সোলায়মান? সে তো নেই। কে বলতে পারে—
খরগোশ দুটি চুপি চুপি এই বিকেলবেলায়
কোনো হিব্রুগাছ থেকে নেমে এল কিনা, তাওরাতের
ভেজা পাতাগুলি ছুঁয়ে? আমিও দূরের দ্রাক্ষাবনে
সরে গিয়ে জাবুর গ্রন্থটি খুলে বসি। কুক পাখি
হয়তোবা লক্ষ করে। তুমিও কি টের পাও কিছু?
পেলে, তোমাকেই সব খুলে বলা যায়—বাদামের
লোনা স্বাদ, মিহি গন্ধ না লুকিয়ে : এইসব গ্রন্থ,
গ্রন্থপাঠ তুমি কতটুকু জানো? জানলে শেখাও।
না জানলে, আজ এই গান্ধর্ব গোধূলি পর্বে ঢুকে
ওই দুটি খরগোশ-ছানা বুকে তুলে রাখো। তুমি
হও তবে অনাথের নাথ। সন্দেহ কী, ওরা ভীরু,
তবে এত ভীরু নয়, ছুঁলেই নির্বাক হয়ে যাবে।
আমার আঙুল ঠিকই চলে তার মূক ইশারায়—
ধীরে ধীরে—শরীরও ব্রেইলময়—এই মনে ক'রে।

১০
নেই পতঙ্গের মন ভোলাবার এতটুকু দায়—
এই নটী ফুলেদের বনে। দিন শেষ ক'রে তারা
রূপের চর্চায়, উঁকি দিয়ে ছ'টি পাতার আড়ালে
ডাকে না সন্ধ্যাকে জানি, বলে না রাত্রিকে : ভোর হও।

শুধু কুঁড়ি থেকে বের হয়, ফুল হয়ে ফোটে—দোলে
হাওয়ার ওপর, খুশিতেই সব ঝরে যাবে ব'লে।
কী করে কখন এই বায়ুপরাগায়নের দেশে
এসে পড়েছি আমিও। দেখি তাই তৃণের ডগায়
উপেক্ষা-শিশির—শান্ত নদীটির নামও যে অবজ্ঞা।

অবজ্ঞার দুটি তীরে—পাথরের কুটিরে কুটিরে
মাধুকীর টানে এসে করি বটে মাদক-পাচার—
পৃথিবী মাতাল হোক মহুয়ালগ্নের কাছাকাছি,
যতদিন আছি, খাওয়াব সে মধু, ফুলের আচার।

আজ যদি জলে ভেসে ওঠে মাছ—কাত হয়ে মোষ
শুয়ে পড়ে সবুজ প্রান্তরে—বৃক্ষ হয় পত্রহীন
যদি আসে এমনই বসন্তদিন—যদি অবশেষে
প্রার্থনার বাণীটিও নাই হয় সংগীতবিধুর—
আমাকে খুঁজো না কিন্তু—তুচ্ছ কীট আমি এ ঋতুর।