নওশাদ জামিল: পাতার প্রাসাদ আর ভুলের ভ্রমর
পাতার প্রাসাদ
ঘোরলাগা শীতকাল দাঁড়িয়ে সমুখে
নীরবে পাতারা ঝরে, সুখে নাকি দুঃখে?
ঝরে পড়বার আগে কাঁদে ফুলপাতা
আমি লিখি পাতাদের সব শোকগাথা!
ইট-চাপা ঘাসের ভিতর প্রাণ থাকে
হলদে পাতার থাকে অনন্ত বিস্মৃতি
চাপে-তাপে উড়ে যায় পাতার প্রাসাদ
ভাঙা-গড়া জীবনের প্রাকৃতিক রীতি?
দুদিনের বাহাদুরি মাটিয়া বুরুজে
জীবনের আয়ুষ্মান আর নেই বাকি
ঝরে পড়বার আগে গেয়ে যাও গান
ভালোবাসা কোনোদিন দেয় না তো ফাঁকি!
আকস্মিক ঝড়ে উড়ে যাবে পাতাঘর
মাটির মাজারে খোঁজো না আপন-পর!
ভুলের ভ্রমর
সমস্ত চিন্তার বাঁকে স্পষ্ট মুখ, মেঘ
হঠাৎ আকাশ ভেঙে নামে ঝোড়োবেগ
অন্ধকারে হেসে ওঠে তার এলোচুল
ঢেকে দেয়– বলে, তবু ছিল কিছু ভুল?
প্রেমের পরিধিপ্রস্থ তুমি জানো যদি
গোপনে বাজাও কেন বাঁশি নিরবধি?
ওহে মম রাধা, আমি তোমারই শ্যাম
তুমি বলো স্পর্শখেলা, আমি বলি প্রেম!
নিশিবনে নীরবে ফুটেছে নাভিতল
ডুবুরির বেশে খুঁজি তোমার অতল
চোখের ইশারা দিয়ে ভুলের ভ্রমর
হেসে ওঠে, বলে, প্রেম সত্যিই অমর
হৃদয় আগলে রাখি– কেটে যায় বেলা
আমি বলি প্রেম, তুমি বলো স্পর্শখেলা!
ছায়াযান
আকস্মিক প্রশ্ন করি: তুমি কি কখনো ক্লান্ত হও?
কুয়াশার তন্তুজালে মিশে আছে মুখÑহিম ঘেরা
হিমাঙ্কের অনেক গভীর থেকে মেলে না উত্তর
যখন দেখেছি তাকে– চোখের কোণায় দাগ ছিল
নতমুখে ছিলাম দাঁড়িয়ে–সেদিন বলিনি কিছু
কী খবর? ভালো? স্মিত হেসে চলে গেল ছায়াপিণ্ড
জন্মান্ধের মতো থাকি–হৃদয় উজার করে দিয়ে
ডুবে আছি, মজে আছি–ছিটেফোঁটা ক্লান্তি নেই মনে।
আকস্মিক প্রশ্ন করি: বলো কাকে বলে ভালোবাসা?
স্মিত হেসে উড়ে গেল ছায়াযান–দূর নভোদেশে
রৌদ্রতপ্ত দিন যায়, ঘূর্ণাবর্ত রাত যায় একা
এত দাহ, এত জঞ্জাল–আমি তাকে পাই না তো খুঁজে
কুয়াশার ক্যানভাসে আঁকা দুটি চোখ–তাকে বলি
হৃদয়ে জেগেছে প্রেম–ক্লান্তি আর করে না তো স্পর্শ!
