আমিই শেষ আবরার ফাহাদ না
গাঁয়ের পাঠশালার পরে, নগরের বড় পাঠ নেব বলে
ছাড়ি মায়ের বুক, মনে স্বপ্নসুখ
বাতাসে মেলি ডানা, আকাশে মেলি চোখ !
ওরা বলে আমার বড্ড পাখিরোগ,
আমি ধরি গান, পারে লয়ে যাও আমায়;
আমার পারে যাবার ডাক পড়ে;
রুম নম্বর এক হাজার এগার ছেড়ে
উপরে দুই হাজার এগার নম্বরে!
ভাগ্য বড় ভাল, ওরা আমায় পাঁজাকোলা করে নামাল
সিসি টিভি ছবি ওঠাল, খবর মিয়া খবর করে দিল!
চারদিকে ডি ডি ছি ছি রব উঠিল!
ওরা আমায় ভীষণ মেরেছিল;
আমার ভীষণ ব্যাথা করছিল;
আমার কেবলই মায়ের কথা মনে পডছিল;
মা মা বলতে বলতে আমি পারে চলে যাই!
এর বাকিটা সিসি টিভি রাত দুটো সিঁড়িতে পড়ে থাকা আমি;
প্রভোস্ট পুলিশ সাংবাদিক মন্ত্রী ফেসবুক টক শো!
এরপর লাশবাহী গাড়ি, আমাদের গ্রামের বাড়ি;
বড্ড মনে পড়ে, মা ছড়া কাটতেন –
খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি?
মায়ের মুখে ছড়া নাই, বুকে তার ধন নাই;
মনে তার সুখ নাই, গগনবিদারী আহাজরি –
খোকা তুই গেলি কই?
সিসি টিভি ধরে এগার জনকে বহিস্কার করে;
ওরা নয় জনকে গ্রেফতার করে;
আরো কত সিসির ভেতরে বাইরে –
কত এগার জন কত নয়জন –
দেশজমিনে নগরে অলিগলি কানাগলি ধরে;
ছাত্রাবাসের করিডোরে এডিস মশার মত
খুনি আর খুনির প্রেতাত্মারা খবরদারি করে|
এডিস মশার খপ্পরে আমিই শুরু না;
আমিই শেষ আবরার ফাহাদ না|
