সিদ্ধার্থ হক : আজ আমার এজেন্ডা নাই
আজ আমার এজেন্ডা নাই।
বেঁচে আছি, এনেসথেসিয়িয়ার ভিতরে,
এর বাইরে, এই জ্ঞান ছাড়া,
আজ আর কোনো এজেন্ডা আমার নাই;
হেঁটে হেঁটে এলাম যে পথ পার হয়ে,
অবিশ্বাস্য হলেও সত্য, সে পথে কোন মৃত্যু
অপেক্ষা করছিল না;
আমার উপরে কেউ ঝাপিয়ে পড়েনি
এখন আর মৃত্যু ওৎ পেতে থাকে না
সে হাত উঁচিয়ে জেগে থাকে, অত্যন্ত প্রকাশ্যে
মানুষ ঘুমিয়ে গেলেও, মৃত্যু জেগে থাকে অন্ধকারে।
মৃত্যু আজ ভয়ঙ্কর কর্তব্যসচেতন।
এসবের ভিতরেও, আজও যে বেঁচেই আছি
এই সংবাদ জেনে,
রাত পর্যন্ত যদি টিকে থাকি,
যদি বিছানায় যাওয়া পর্যন্ত শ্বাস নিতে পারি,
তাহলে, জীবন্ত অবস্থায় ঘুমাতে যাওয়া ছাড়া
আমার আর কোনো এজেণ্ডা নেই।
এনেসথিসিয়ার ঘুমঘোরে আমি টের পাবো,
মানুষ ঘুমিয়ে গেলেও মৃত্যু জেগে আছে
মানুষের চারপাশে, মানুষের হৃদয়ের ভিতরে;
এখন মৃত্যুর কাজ
সময়ের বহু আগেই
মানুষকে
তার বিছানা থেকে,
তার দাঁড়ানো থেকে,
তার বসা, হাঁটা, চিন্তা থেকে
টেনে তুলে ফেলা।
এখন মৃত্যু, চিন্তিত মানুষকে একদম সহ্য করে না।
এনেসথেটিক ঘুমের ভিতরে এইসব চিন্তা করা ছাড়া,
আজ আমার আর কোন এজেন্ডা যে নাই। নাই।
০৮-১০-২০১
