রুহিনা ফেরদৌসের একগুচ্ছ কবিতা
পরিযায়ী
কম্পাসের কাটা দেখে তোমার দিক খুঁজি
আমি তো অন্ধ নাবিক, জলের ঝাপটা বুঝি না,
আলোর বুকে অস্তমিত করুণ বুনতে বুনতে
বাতাসের ফিসফাস শুনি; ওরা বলে তুমি নেই—
অথচ দূরের কোনো দ্বীপ হতে তুমি হেসে ওঠো
আমি সেই দিকেই তীব্র হয়ে জাহাজ ছোটাই।
কতসব দিন নোঙ্গরহীন এভাবেই কেটে যায়—
সাগরের নোনা জলে ভাসতে থাকি,
এক টুকরো কাঠের মতো, এখানে শ্যাওলা জমে না।
মাঝে মধ্যে দুই একটা যাযাবর পাখি উড়ে যায়—
আমাদের দেখে ডেকে ওঠে, শীস দেয়;
আমার আর কোনো দ্বীপে যাওয়া হয় না।
তুষার ও তাসের গল্প
বাতাসে হাত রেখে রাতভর বসে থাকি,
পথচারী আলোরা ডেকে যায়; ইশারায়।
তুমি ছুটে যাও তীব্র আর্তনাদ হয়ে—
কাঠবিড়ালি ও প্রজাপতির খুনসুটি দেখতে দেখতে
আমি এক পুরানোতে মরে যাই।
বুকের ভাজে তীব্র ব্যাথারা ফুরায় না
মিথ্যা পিঁপড়ার মতো হেঁটে বেড়ায়।
তোমার তুষার ও তাসের গল্পগুলো পড়তে পড়তে
নিজেকে খুঁজি—
পনেরোটি আকাশ একসঙ্গে ভেঙ্গে পড়ে,
আরো পনেরোটি শরত্ ও স্বপ্নের মৃত্যু হয়।
দূরবর্তী
ঈশপের হাসি ছুঁয়ে ক্রীতদাসের গল্প শুনি
পায়ে পায়ে জীবন জড়িয়ে যায়
দুহাতে নিজেকে ছাড়িয়ে হেঁটে যাই
বয়েসি বিটপীর জলে,
যেখানে আজ ও আগামীরা থাকে।
আমার গল্পেরা বলে, এবার ঘুমাও মেয়ে
অনেক তো হলো।
আমি তাদের ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ি, ভেজা রাস্তায়
ঘুমপাড়ানি পাখিটা পাশ ফিরে চায়,
আমি তার চোখে গোপন বিদ্যুত্ দেখি
দেখি উড়ে যাওয়ার আয়োজন।
ফেরা
আজ কোনো তাড়া নেই, ফেরার—
মাঝে মধ্যে এমন হয়, কোনো তাড়া থাকে না
চলাচল থাকে, থাকে আসা-যাওয়া
পালকহীন প্রান্তর থাকে, চিলেকোঠা ভিজে অবিরাম।
অদৃশ্য আয়ু
মানুষের মতো পৃথিবীরও কিছু রুগ্নতা আছে
আছে নিজেকে গোপনের ক্ষত,
কিছু গোধুলী আছে যেখানে পৌঁছতে
আজীবন সময় পোড়াতে হয়,
যারা পুড়ে যায়, তারা হেরে যায় হয়তো;
তবে হার-জিতের মাঝখানে যে অদৃশ্য আয়ু থাকে
তাকে তুমি কীভাবে মেটাবে?
তুমি হয়তো পালকের পতন দেখছো,
জেনেছো জোনাকি জীবন,
তবে, কিছু ভোর আছে, যা তুমি দেখনি—
শোনোনি কিছু সুরের কারুকাজ,
হয়তো বেঁচেছো তোমার মতো।
তবে ওই ভোর ও সুরের মতো কিছু মুহূর্ত আছে
যা পৃথিবীর ব্যাথার মতোই গোপন।
ক্ষোভ ও ক্লান্তিরা
জানি, ডাকলেই ফের আসবে
দাড়ালেই পেছন ফিরে তাকাবে
রোদ যেমন ছায়ার শরীর চিড়ে যায়
তেমনি সব পরিচয় ছিঁড়ে, ক্ষোভ ও ক্লান্তির কথা মাড়িয়ে ফিরবে।
তবু ডাকি না তোমায়—
কারণ পৃথিবীর যত অসুখ আর
মুখ লুকানো মায়ার গল্প তুমি বলেছিলে
আমার কাছে সে সব আজ অশুদ্ধ মনে হয়, তাই ডাকি না তোমায়।
