আফরোজা সোমা: আমার পুরুষ ও অন্যান্য
আমার পুরুষ
তার ভ্রু ধনুকের মত বাঁকা নয়। তার বাহু পাকানো দড়ির মতন নয় গ্রন্থিল। তার ঊরু নয় গজ শূঁড়ের মতন সুগঠিত সুন্দর। কিন্তু আমি ভালোবাসি তার উদোম বুক। তার নগ্ন বুক লাউয়ের কচি ডগার মতন মায়াময়। তার বুকের মধ্যিখানে কচি-কচি মায়াবী পশমে গড়া তিন পাপড়ির ফুলের মতন একখানি অলৌকিক পুষ্প। সেই পুষ্পের দিকে চেয়ে আমি ভেঙে চুরমার হয়ে যাই।
হায়! জানে না তা আমার পুরুষ।
বন্ধুর মুখ
খুন হয়ে পড়ে আছি ঘাসে
বুকে বিঁধে আছে খঞ্জর;
রুধির ধারায়
সবুজ তৃণ
উঠছে রাঙা হয়ে
আমারই আঙিনায়।
কৃপাণে লেগে আছে আঙুলের দাগ;
আর কারো নয়
আমারই;
বলেছেন তদন্ত অফিসার।
ভীষ্মের মত শরাহত নই
তবু ফালা-ফালা অন্তর
এই তৃণশয্যায় চেয়ে আছি
মাছের মতন খোলা চোখে
দেখছি:
শোকাহত মুখ করে
বন্ধুর চেহারায়
আততায়ী এসেছে গৃহে
স্মৃতি মেদুর গলায় বলছে:
কত ভালোবাসা ছিল আমাদের।
মাছের মতন খোলা চোখ
চেয়ে আছি ধরণীর দিকে
তৃষিতের মত পড়ছি
মানুষের মুখ;
শরাহত ভীষ্ম হে,
করুন উদ্ধার!
জানান উত্তর
বুকে রুধির রাঙা খঞ্জর নিয়ে
কোন দিকে তাকালে মানুষ
পাবে বন্ধুর মুখ?
দূরারোগ্য ব্যাধি
দূরারোগ্য ব্যাধির মতন প্রেম
তার মনে লেগে আছে;
একবার ভালোবেসে পরে
জোছনায় এ জীবন নীল;
বুঝেছে সে
ভালোবাসা
দারুণ ঘুঘু
দূর থেকে এর ডাক
মায়াতীরের মতন
বুকের মধ্যে বিঁধে,
কাছে গেলে চোখে পড়ে
বিবিধ ত্রুটি।
তবু ভালোবাসে নরনারীগণ;
প্রেমে পড়ে গায়ে সুগন্ধী মাখে যুবক,
প্রণয়ীর কথা ভেবে
রিকশায় যেতে পথে কাজে
একাকী আনমনে হাসে মায়মুনা।
কিন্তু প্রেমে পরে জোছনায় সিন্ধুপারে
হৃদয়ে যার কেবলি নীল-নীল লাগে
তার কাছে প্রেম এক দূরারোগ্য ব্যাধি।
ভুলো না আমায়
একটি তারার দিকে চেয়ে
যদি তার রাত ভোর হয়
যদি সে আঁধারে শোনে
একটি কোকিল
ডেকে ডেকে
ডেকে ডেকে
ক্লান্ত হয়ে যায়
তারে তুমি বাড়িয়ে দিও
কল্পিত রুমালখানি।
রুমালে থাকুক লেখা:
বাঁশের পাতা নড়েচড়ে
তোমার কথা মনে পড়ে।
রুমালে না থাক লেখা:
গাছটি হলো সবুজ বন্ধু
ফুলটি হলো লাল
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।
চিরকাল থাকে না কিছুই
না প্রেম
না হিংসা
না এই অহমের সংসার
কিছুই রবে না চিরদিন
চিরদিন বলে কিছু নেই
'চিরদিন' একটা ভ্রান্তি
'চিরদিন' একটা ছলনা
'চিরদিন' এক প্রবোধের নাম।
তবু ডেকে ডেকে ডেকে ডেকে
একটি কোকিল
আঁধারে একা
যদি না থামে
একরোখা স্বরে
ডেকে ডেকে
যদি সে ভাঙায় তোমারে,
তার প্রতি তুমি কোনো রাগ নিও না।
পৃথিবীতে মুছে যায় রুমালের দিন
মুছে যায় গাছে লেখা
নামের পাশে নাম।
সব মুছে গেলে
যা নিয়ে মানুষ বাঁচে
তার নাম স্মৃতি
স্মৃতিরই অপর নাম 'চিরকাল'
স্মৃতিতেই মানুষ পোষে
না-পাওয়া রুমালে লেখা:
ভুলো না আমায়।
একজন ব্যর্থ মানুষের হেঁটে যাওয়া
চুরি যাওয়া দিন
ফুরোনো বিকেল
একটা ঘুঘু
শিরিষ গাছে
লাগাতার ডাকছে।
ধানের ক্ষেতে লিলুয়া বাতাস
আলের 'পরে
একলা শালিক
একটা জীবন খুঁটে-খুঁটে দেখছে।
আস্থারা উবু হয়ে
ঘাসে পরে আছে
ঠিক যেনো
উল্টানো হলুদ পাতা
হাওয়ায় লুটাচ্ছে।
অনেক মানুষ পার্কে
পথের পাশে ফুলের দোকান
পানের রসে দোকানীর ঠোঁট লাল।
ফুলেদের রং মশাল
অধরের লাল
আলগোছে
ছুঁয়ে যায়
এক জোড়া রক্ত লোচন
সেই চোখে সব রং
গভীর গাঢ় নীল।
ছেঁড়া শাপলাকে লেখা চিঠি
পৃথিবীতে আরবার
যদি দিন আসে
ভালোবাসবার
তোমরা অনেক বেসো ভালো পরস্পরে।
এই অথৈ অন্ধকার
এই গাঢ় রাত
এই অন্ধ সময়
বুকে নিয়ে তবু ভেসে চলো
ভেসেছে বেহুলা যেমন।
একদিন ভালোবাসা জিতে যাবে
প্রার্থনা হবে কবুল
শুকনো বুকের 'পরে
খাঁ খাঁ মাঠের মতন
পরে আছে যে শূন্যতা
একদিন উজান থেকে
সেইখানে নামবে ধারা
তোমার বুক হয়ে উঠবে
বর্ষার ভরা টাঙ্গুয়া।
আপাতত নিজেকে সামলে রাখো
গিলে ফেলো কান্না
বাঁশের পাতার মতন
তুমি কাঁপছো রোদনে
এই কাঁপন কাউকে দেখিও না
কাউকে বলো না
প্রপেলারে কাটা পড়ে
ফালা-ফালা হয়ে যাওয়া
একটি লাল শাপলা তুমি
ভাসছো অকূল হাওরে।
সয়ে থাকো অন্ধকার
সয়ে থাকো এই ভেসে থাকা
পৃথিবীতে নিতিনিতি
দিন আসে তোমাকে মারবার
তুমি সয়ে থাকো
তুমি বেঁচে থাকো
একদিন লিখবে বলে
তোমার সংবিধান।
