২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশ রায়ের সহজিয়া

স্বদেশ রায়

Published : 01 Sep 2019, 12:42 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি

ভালো থেকো, তুমি ভালো থাকলে- আমি ভালো থাকি।
অথচ দেখ রাতের তারারা ভালো থাকে পৃথিবীতে অন্ধকার নামলে।
আটলান্টিকের বুকে বসে একদিন জিজ্ঞেস করেছিলাম,
বিস্তীর্ণ পানির মাতা, কখন তুমি ভালো থাকো?
তার কাঁপা কাঁপা বাতাস এসে উত্তর দিয়েছিলো, যখন প্রবল এক ঝড়
এসে আমার বুককে জাগিয়ে তোলে।
আটলান্টিকে কখন ঝড় নামে তুমি আমি সকলে জানতে পারি-
অথচ আমরা কেউ কখনও জানতে পারিনা কার বুকে এখন দারুন ঝড়!
সকালের সূর্যগুলো প্রতিদিন রাতের প্রান্তে এসে মাথা গুজে দেয়-
আমরা কেউ না কেউ কারো না কারো বুকে মাথা গুজি-
অথচ রাত যেমন জানে না সূর্যের সঙ্গে তার কী সম্পর্ক –
আমরাও জানি না আমাদের একের সঙ্গে আরেকের কী সম্পর্ক।
তারপরেও প্রত্যেকে ফুলের মত একটার পর একটা পাপড়িতে
আটকে আছি, আমরা সেজে আছি ফুলে, সত্যি ফুল হয়তোবা।
এর পরেও কিশোরী হাতে স্মার্ট ফোন আর মালা গাঁথা
ফুল একই সৌন্দর্য আনে কিশোরের চোখে।
আবার জঙ্গলে মাঝে মাঝে বাঘেরা গাছকে জড়িয়ে ধরে ঘুমায়
অথচ পাখিরাই কেবল বাসা বাধে গাছের ডালে।
আমি যদি কখনও ডাল থেকে পড়েও যাই- তুমি ভালো থেকো নিয়ত।