আরশি, আসামী ও পারাপার
আরশি
পাখির প্ররোচনায় কেন যে বেপথু
ফুলের সৌরভে বুঁদ?
বুঝি তাই আজ সবকিছু অদ্ভুত!
প্রতিটি হৃদয় পারাপারহীন ধূ ধূ
যতখানি আবেগাপ্লুত ততটাই ফাঁকা
বিনয়ের বিনম্র আহ্বানে ফিরছে না প্রেমাস্পদ চাকা।
তবু পথের নুড়ি কুড়িয়ে নিতে পারি
কিন্তু ধরে রাখা যে দায়
বিবর্তনের হাওয়ায় দ্রুত চোখ বদলায়
যুক্তির শাসনে আলগা হয়ে যায় বহুদিনের বন্ধন
আগুনের হলকায় বিজলি তরঙ্গ
পতঙ্গের চেয়ে কে আর চেনে বেশি
যেমন রৌদ্র ও শিশিরকণা
ছিন্নপত্রের আরশি।
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি
আসামী
প্রিয়দর্শিনী, আমাকে আর কতদূর নিয়ে যাবে তুমি?
আমার তো নেই দিনরজনী
খোয়াবের জাল শুধু বুনি।
প্রেমে রক্তাক্ত হচ্ছে গোলাপ
সময় দিচ্ছে তারে তাপ
কালোরাত বিদীর্ণ চাঁদ
জ্যোৎস্না জমিনে
চোখ ধাঁধানো আঁধার কাহিনী
মেনেই নিয়েছো তুমি
তবু মনে হয় বিবেকের বন্ধনে
আমিই আসামী।
সঙ্কট
বাগানে বাগানে টাঙানো আজ
কাতর এই ঘোষণা
প্লিজ, ফুলটি ছিঁড়ো না
ওর মধ্যে সুবাস আছে
আছে স্বর্গের দ্যুতিময়তা
কিন্তু কে শোনে কার কথা!
মনের পশু তা মানছে না।
ফলে আমরা ধরেই নিয়েছি
সময় বড় উপোসী
ফুলবনে যে সাপ, সে
আমাদের আদি পাপ
বিষে নীল যথাতথা।
পারাপার
আমার ভাবনদী
কখনো
কোনো অজুহাতে
তোমায় ভাসিয়ে নেয় যদি
তুমি কি আমায় বলবে: বন্য?
বললেও আমি কিন্তু কিছু মনে করবো না
কারণ সময়ের নগ্নতায়
গা-সয়ে গেছে এইসব তিরস্কার
অরণ্যচারী নই তবু অরণ্যে বাস করি
শ্বাপদের সাথে নির্বিবাদে
কখন তুলবে ফণা
কেউ জানি না
তবু প্রেমহীন ভবনদী পারাপার।
