মিলু শামস-এর দুটি কবিতা
নির্জন সুগন্ধি
আজ আমি জ্যোৎস্নায়
স্নান করবো সাররাত–
চাঁদের সিঁড়ি বেয়ে পৌঁছবো
একটি উন্মীলিত
দরজার ওপাশে;
কেউ একজন জ্বেলেছে ধূপ
তার নিজস্ব নির্জন কক্ষে,
আমি কড়া নেড়ে পাড়াময়
রটিয়ে দেবো ওই গোপন সুগন্ধির সৌরভ
আর একরাশ কিংশুক
বুকে নিয়ে বলবো
দোর খোলো হে নির্জনবাসী,
দেখো আজ দেবালয় এ পৃথিবী।
সন্ধ্যার সুর
জানালা গলে বাতাস এসে নুয়ে
দিচ্ছে তাকে আলতো করে ছুঁয়ে
সন্ধ্যা আকাশ ভার হয়েছে ভীষণ
তার কি এখন আছে সেসব স্মরণ?
মেহেদী হাতে কার ঘরে সে রেখেছিল পা
আকাশগাঙে ভাসিয়েছিল স্বপ্ন রঙিন না,
কী উন্মাতাল দিন ছিল সংসারে
অনেক জীবন ছিল তাকে ঘিরে।
মেঘের পরে মেঘ ভেসে যায় দূরে
আধখানা সুর ওড়ে তেপান্তরে–
হুইল চেয়ারে জীবন এখন বাঁধা
খুঁজে বেড়ায় হারিয়ে ফেলা পুরনো সেই গাথা
খসে গেছে জীবন থেকে বাঁধনগুলো তার
আশ্রমের এ যাপন এখন নিঃসঙ্গ একার।
সময় যাচ্ছে বয়ে নিজের মতো
ফিরতি পথে কোনোকালে আর সে ফেরেনাতো।
