২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফুল ইসলাম: ঈদ

মারুফুল ইসলাম

Published : 04 Jun 2019, 10:51 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM


চৈত্রের মেঘ ভেসে আসে বৈশাখে
মেঘের যেখানে শেষ সেখানে একটু আলো
তারপর আবার মেঘ
তারপর আবার আলো
নীলাভ ধূসর ক্যানভাসে এইমতো ছবি আঁকাআঁকি
নতুবা নকশা

ভ্যানগগ তাকিয়ে দেখেন
ভরা রোদে সর্ষেফুলের আদিগন্ত প্রাণবন্ত চিত্র
বর্ষায় গাছে গাছে ছবি হয়ে ঝুলে থাকা কদমগুচ্ছ
ময়ূরপুচ্ছে নৃত্যপর বৃষ্টির ফোঁটা

জীবনের কত রেখা কত রং কত রূপ
কত রহস্য
ভাবনায় নিমগ্ন পিকাসো
রাতের অন্ধকারের রন্ধ্রে রন্ধ্রে গন্ধের উৎসবে মাতোয়ারা হাসনাহেনা

আমাকে ডেকেছে পৃথিবী আশৈশব
পড়ার টেবিল থেকে স্কুলের বেঞ্চি অবধি কেবলই গান
আস্থায়ী অন্তরা সঞ্চারী আভোগে আপ্লুত পথে পথে ঢেউ
সুর তার সমর্পিত অভিমানে প্রবহমান
কে রাখে দরজা বন্ধ করে
কে দেয় জানলা খুলে
বিষাদের বইঠা ধরে আমি নিজেই কখনো নদী
কখনো নৌকো
মনমাঝি বেয়ে যায়
মনমাঝি গেয়ে যায়
বুলবুলি খেয়ে যায় ধান

চক্রবৃদ্ধি হারে চির চলমান খাজনার আংকিক গোলক ধাঁধায়
ঈদ আসে প্রপঞ্চের পিপাসায়