কারাগারকে মনে হয় কবির আকাশ
(সদ্য প্রয়াত কবি হায়াৎ সাইফ শ্রদাষ্পদেষু)
সেই দুপুর থেকেই
এই মধ্যরাত অবধি
অভিধানে একটি শব্দ খুঁজছি
অভিধানের পর অভিধান
হাতে নিচ্ছি আর পাতা উল্টাচ্ছি,
খুঁজছি তো খুঁজছি, খুঁজছি…
কিন্তু সেই প্রিয় শব্দটা
কোথাও পাচ্ছি না।
না, শব্দটা তেমন আহা মরি কিছু নয়
নতুন তো নয়ই, অনেক প্রাচীন
বলা যায়
ঈশ্বরের সমান বয়সী,
তবে তার মতো
আড়ালে থাকতে সে পছন্দ করে না
প্রকাশে আনন্দ তার একক সত্ত্বায়;
আর এও ঠিক আড়ালে থেকেও
সর্বত্র আছেন তিনি গোপন ঈশ্বর।
মৃত্যু ভয়ে আতঙ্কে থাকেন যারা
কিংবা পরশ্রীকাতর লোভীজন
তারা কিন্তু
সতত ঈশ্বরপ্রেমে বেশ মশগুল;
এই যেমন আমি
ঈশ্বরের চেয়ে বেশি ভালোবাসি
'ঈশ্বর' নামক শব্দটাকে–
এ শব্দের উচ্চারণে
আমার চোখের সামনে
বন্ধ হয়ে যায়
পাপ ও অন্ধকারের কপাট জানালা;
খুলে যায় সব অলৌকিক আলোর রহস্য।
অনেকেই শব্দটাকে ঈশ্বরের প্রতিশব্দ বলে
আমি কিন্তু তেমন বলি না, বলতেও পারি না–
আমি ভীরু কাপুরুষ
স্বনির্মিত কারাগারে বন্দী হয়ে আছি,
মাঝে মাঝে
মহান যিশুকে বুকে নিয়ে
নিজেকেই ক্রশবিদ্ধ করি:
এক চোখে রবীন্দ্রনাথ
অন্য চোখে নজরুল
দুজনের কথা ভাবতে ভাবতে
আমি তখন
বাংলা একাডেমির বটমূলে
কবি হায়াৎ সাইফের জানাজা শেষে
হ্যাঁ, অনেকটা ঈশ্বর শব্দের মতো
শব্দটি বার বার উচ্চারণ করতে থাকি
আর আমার চোখের সামনে থেকে
সব কালো পর্দা ধীরে ধীরে সরে যেতে থাকে,
একটা লাশকে সামনে নিয়ে যারা
কবি ও কবিতার প্রশংসা করছে
তারা কী নির্বোধ আর অসহায়!
তারা ভুলে গেছে শেষের কবিতা
তারা শোনে নাই, কারার ঐ লৌহ কপাট …
লাশের জানাজা পড়ে আমি
শব্দটাকে খুঁজতে ঢুকে পড়লাম
বাংলা একাডেমির পুস্তক বিপণি কেন্দ্রে।
সব অভিধান খুঁজতে খুঁজতে
আমি ক্লান্ত হয়ে কল্পনায় প্রিয় কবি
হায়াৎ সাইফের মুখোমুখি বসে থাকলাম
সন্দ্বীপের কবি আবদুল হাকিমের কথা
মনে পড়ল, মনে পড়ল কারাগারে বন্দী
এক অনুজ কবির প্রিয় নাতনীর কথা
তখন আমার মৃত্যুকে খুব ছোট মনে হয়
কারাগারকে মনে হয় কবির আকাশ —
আমি চোখ বন্ধ করে সেই আকাশের দিকে তাকাতেই
চোখের পলকে একটা অবাক করা কান্ড ঘটে গেল;
দেখি : 'কবি' শব্দটি
একটা পাখির মতো উড়তে উড়তে
মহাশূন্যে আলোর উদ্যানে এক নিরীহ কবির
মুক্তির আনন্দে অবিরাম ডানা ঝাপটাচ্ছে।
