২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামজ্বরে ভুগছে দেশ কাল পাত্র

নূরিতা নূসরাত খন্দকার

Published : 27 Apr 2019, 01:29 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM

মিথ্যেরা অন্তর্বাস খুলে
উলঙ্গ নৃত্যমগ্ন
সত্যের যোনী খুবলে হাসে
রাজনীতি ধর্ষক
সুজলার সন্তানগুলো
লালায়িত আজ টাকার মাদকে
মাস্তুল বিহীন চলছে নাবিক
ঘাটহীন ঠিকানায়
কাণ্ডারী!
আজ কোথায় তোমার লক্ষ্য?
ঢেউ উঠছে জনপদের বুকে
তবু,
সুজলার সন্তানগুলো
লালায়িত আজ উন্নতির মাদকে

কামজ্বরে ভুগছে দেশ কাল পাত্র
রিপুর তাড়না নিয়ে বসে থাকে
রিমোটের বোতাম
আকাশি কৃষ্টিও ওঁত পেতে
খুলেছে ক্লিভেজের দোকান
বাজারি বিজ্ঞাপনে সয়লাব
মেদহীন নাভিদেশীয় পণ্য
গানের মঞ্চ ব্যস্ত এখন
নাচের আসরে
বিদ্যালয়ের পাঠে
পাইকারী হারে সরবরাহ হয়
সাম্প্রদায়িক জ্ঞান
একদিন ওরাও সওয়ারী হবে
মাস্তুল বিহীন নাবিকের নায়ে
একদিন ওরাও ডাকাত হবে
নিরুদ্দেশের পথে
একদিন ওরাও সত্যের ঘ্রাণ ভুলে
পঞ্চরিপুতে পুষবে মিথ্যার মাতম
এমনি করেই একদিন
জলে ভাসা পদ্ম হবে
সুজলার সংসার,
পড়ে থাকবে মিথ্যার নথি সব।