রাহুল পুরকায়স্থ: বোসবাবুকে
চিত্রকর্ম: মোহাম্মদ ইকবাল
এক
ফিসফিস মহাকাল,মধুরিপু,সংসার উনুন
পাক করি হত্যা ও মদিরা,
কেঁপে ওঠে গৃহে গৃহে শিরা-উপশিরা
দারিদ্র্য সকলই খায়,
এমনকী কম-বেশী সম্পর্কের নুন
দুই
দিনকাল ভালো নয় বোসবাবু!
রঙিন মাছেরা বড় লাফালাফি করে!
পদ্য করে,গদ্য ও প্রবন্ধ করে!
সাদা-কালো কোথায় যে চলে গেল!
জীবন খতরনাক,ঝিনচ্যাক, বড্ড এলোমেলো!
তিন
রাত্রি ঘণ হয়ে এলে কার কান্না ভেসে আসে বোসবাবু!
আত্মকরুণার ঘ্রাণ, বিষবাষ্প বাতাস ছড়ায়!
ঘুমে ঘুমে আমাদের প্রতিঘুমে কার কান্না সমবেত আর্তনাদ করে!
অতর্কিত দেবশিশু ঘরে ঘরে জন্মায় ও মরে
চার
সারারাত আলো জ্বলে ভাঙা জানালায়,
একটি পাগল থাকে এই ঘরে,শোনা যায়
তার কুকুরটি ডাকে,
বাঁশি বাজে সারারাত শুষ্ক ইঁদারায়,
ইঁদারার থেকে যদি উঠে আসে সুবর্ণ কুঠার-
এই স্বপ্নে চাঁদ জেগে থাকে,
পাগলের চাঁদ,
হাসে,কাঁদে,কেঁপে ওঠে রতিশিহরণে,
পাখিসব করে রব
রাতকানা গৃহটির দক্ষিণের কোনে
