২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদীপ কর-এর যুদ্ধ, অবিশ্বাস ও অন্যান্য

প্রদীপ কর

Published : 28 Mar 2019, 02:45 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


সুর

ছায়াপথ ধরে এসো, এসো স্মৃতিপথে
তোমাকে গোপনে রাখি শুশ্রূষায় ক্ষতে
নিদাঘ শূন্যতা দেবো ধূ ধূ অবসাদ
হরিণের শিঙে বেঁধে পাঠাবো বিষাদ
অভ্যাসবশত মেঘে পাঠাই যে জল
অশ্রু গহীনে নামো শান্ত অতল

নেমেছো সমর্পণ? আত্মঅভিমান?
শোকের অন্তর্ধ্যানে পেয়েছি সন্ধান

যেভাবে অন্নপূর্ণা নিজেকে বাজান

এভাবেই অন্নপূর্ণা নিজেকে বাজান?

যুদ্ধ

পিশাচ যোদ্ধা চাই। সারা মাঠ ফুঁড়ে আনো লোহা
সমস্ত খনির গর্ভে প্রহরী পাঠাও একজোড়া
যা আদতে আক্রমণ, যা আদতে
ঘেমে নেয়ে শান্ত হতে চাওয়া…

অবিশ্বাস

যত কাছাকাছি যাই, ততো তুমি অস্পষ্ট হয়েছো

হয়েছো মরুদ্যান, সারাজীবন মরীচিকায় ভ্রম

ছুটে যাই, ছুটে যায় শিকড় জলের সন্ধানে

কলরোল শব্দে জল অবিশ্বাস করেছে বৃক্ষকে!

ভ্রম ও জ্ঞান

অচেনাকে চুম্বনের আগে, দেখো
বিশাল পদ্মবিলের গভীরে সরসর করে
নেমে যাচ্ছে জলঢোড়া
সে মুখ লুকোচ্ছে, জড়িয়ে ধরছে
কাঁটাময় অশক্ত মৃণাল
কিছু ঘটছে, ভিতরে, জলের মধ্যে। আর
ওপরের যৌনান্ধ হাওয়ায় শিউরে উঠছে
কামস্পর্শ পাতা

তাকে চুম্বনের আগে, দেখাও
পাতার ওপরে জল, টলমল, কিছুতেই
নিমগ্ন হতে পারছে না
সামান্য কম্পনেই ঝরে যাচ্ছে, নির্বিকার
অতৃপ্ত, অচেনা…

মোমবাতি

ক্ষয়ে যাচ্ছি
উগ্র হচ্ছে আলো

অন্ধকার যেভাবে হারালো

সেইভাবে, ভাবি
গলে যাচ্ছে মোম

উষ্ণতায় মিশছে জখম

শেষঅব্দি দেখি
তরলও নিঃশেষ হয়ে যায়
সম্পর্ক-সূত্র জ্বলে ছাই

পোড়াগন্ধ
কেউ ভালোবাসে

ফের অন্ধকার নেমে আসে…