শিমুল সালাহ্উদ্দিন-এর অস্তিত্ব
চিত্রকর্ম: গিয়র্গিও দে চিরিকোর তৈলচিত্র Masks
t
আমাকে ভালোবেসে তুমি ঘোষণা করেছিলে আমার অস্তিত্ব
আমাকে বিয়ে করে তুমি আবারও প্রমাণ করেছিলে, আমি আছি
আমার পকেট হয়ে উঠলো তোমার পকেট
আমার মানিব্যাগ, এটিএম কার্ড হয়ে উঠলো তোমার
আমার সংসার হয়ে উঠলো তোমার সংসার
আমার মা বাবা ভাই বোন হয়ে উঠলো তোমার
একদিন ভোরবেলা তুমি আমাকে আর খুঁজে পেলে না
তোমার মনের মতোন সংসার করতে করতে
আমি নাই হয়ে গেলাম
দেখলে আমার একটা রেপ্লিকা পড়ে আছে তোমার পাশে
যা বলো তাতেই হা হু করে যায়, সিগারেট খায় না,
হঠাৎ উঁচু গলায় বাংলা সিনেমার গান গায় না
বন্ধুদের আড্ডায় যায় না, মদ খায় না
অসামাজিক বোরিং লোকটার সব কিছু তোমার মতো।
বিরুদ্ধাচরণ নাই, কোনকিছুতে না নাই।
যুক্তি-তর্ক আর্গুমেন্ট নাই। ভালোবাসা, ও মাই গড!
তো, তুমি আর তোমার সংসারে
সঙ্গমের বদলে স্বমেহন নেমে এলো
যৌথখামারের পরিবর্তে মাস্টারবেশন
খুব বিরক্ত হয়ে তুমি একদিন আমাকে খুন করার কথা ভাবলে
তারপর, খুন করার কি দরকার, ডিভোর্স দিলেই তো হয়!
বহুদিন পর একটা চিঠি পেয়েছি আমি,
খামের ওপর লেখা আমার নাম।
