২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরোজীনির দেহ

স্বদেশ রায়

Published : 15 Feb 2019, 12:59 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM

যার যার নিজস্ব গন্ডি আছে, সেখানে সে সরোজীনির লাশের মত শুয়ে থাকে।
বঙ্গোপসাগরে ঝড় উঠলে সরোজীনির দেহ নড়ে চড়ে ওঠে, ভেসে যায় না কেউ।
কাল রাতে যে গিয়েছিলো ভেসে জলে আজ সে আবার শুয়ে থাকে ডাঙ্গায়-
এই সব চিরাচরিত নিয়ম ঠিক যেন নাদুস নুদুস চিত্রল হরিণ।
তবুও মাঝে মাঝে অর্জুনের মনে হয় লক্ষ্য ভেদ করে ঢুকে যাই অন্যের গন্ডিতে
সহস্র সহস্র অর্জুন ঘুরে বেড়ায় এমনই গান্ডিব হাতে।
তাদের মাথায় নামে কখনও কখনও ফকফখা ধবল চাঁদ
সেই চাঁদ রাতে গন্ডি ভাঙ্গা রক্তে লাগে আগুন- যেন সবাই ফাল্গুনের পলাশ।
এই সব অর্জুনদের মধু খেয়ে কখন কখনও উড়ে যায় মৌটুসী, বসন্ত বাউরি-
তবুও ধবল চাঁদ রাতে একখানা তাজা লতার মত হাত কেবলই পরশ
বুলিয়ে যায় শরীরের কোষে কোষে। গান্ডীব উচু হয়, ছোড়ে না তীর
যার যার গন্ডি থেকে যায় নিশ্চল পাথরের মুর্তির মতো স্থির।