মুহাম্মদ সামাদের কবিতা: কবির মৃত্যুতে
চারুমুখী মেয়ে– না, ভয় পেও না
আমি তোমাকে ছোঁব না।
তোমার আঙুলে রাখবো না আমার আঙুল
তোমার কপালে বাড়াবো না হাত
ওষ্ঠে ছোঁয়াবো না ওষ্ঠ
আলিঙ্গনে কখনো নেবো না বুকে টেনে
তোমাকে জড়াবো না আমার কোনো কবিতায়, গানে;
রাখব হৃদয়ে ভরে, প্রাণে প্রাণে।
তুমি আগের মতোই চলে যাবে
তাকাবে পিছন ফিরে
তোমার চোখের মণি থেকে
ঠিকরে পড়বে আলো; আলোর বিভায়
আমি জ্বলে পুড়ে মরে যাবো!
কবির মৃত্যুতে নারীর হৃদয়
ভেঙে খানখান হয়;
কখনো নারীরা নীরবে নিঃস্ব হয়।
