মুহম্মদ নূরুল হুদার কবিতা: প্রতিদিন মুক্তিযুদ্ধ
প্রতিদিন মুক্তিযুদ্ধ, প্রতিদিন শঙ্কাহীন বাঙালির জয়
প্রতিদিন যুক্তিযুদ্ধ, প্রতিদিন বাঙালিরা অজেয় অভয়
শুরু সেই আদিকালে হিমালয় যখন কুমারী
নেমেছে প্রথম রশ্মি হাতে নিয়ে খঞ্জর দুধারী
আলোকের বর্শা হাতে গেরিলারা জলঝর্নাধারা
যৌবনতরঙ্গবীর্যে ভাঙে তারা ক্ষমতার কারা
জয়তী যৌবন জাগে সঙ্গে নিয়ে শত পদ্মবীজ
উদ্ভিন্ন উল্লাসে ফোটে শঙ্কাজয়ী শত সরসিজ
বংপ্রজাতির বুকে জন্ম নেয় যুযুধান নরনারী
হাতে হাতে ধারালো কুঠার লাঠি গুর্জ তরবারি
জীবনকে বাজি রেখে বারোমাস করে চাষবাস
খড়ের ছাদের নিচে কাস্তেহাতুড়ির প্রাকৃতনিবাস
পেরিয়ে সমুদ্র-মরু নভোপথ হন্যে হানাদার
বর্গীর আদলে যারা ঋতুভেদে তারাই সাবাড়
অথবা নিজেরা তারা এই মাটি মানুষের সখ্য
মেনে নিয়ে গড়ে শেষে ধর্ম-কর্ম-সংস্কৃতির ঐক্য
দূর এসে নিকটের সঙ্গে পরিণীত, লাঙ্গলে কবুল
শ্রমে-শস্যে অস্ত্রে-প্রেমে সংশপ্তক জাতি বঙ্গকুল
লুটেরা এসেছে যারা তারা সব মাটির গভীরে
মিত্র হয়ে যারা থাকে তারা আছে তামাটে শরীরে
ভাষামনদেহেস্নেহে মিশ্র বিশ্ববাঙালির চিরবরাভয়
মুক্তি আসে জনকের তর্জনীতে শুদ্ধ জাতি-অভ্যুদয়
নজরুলের জয়বাংলা উঠে আসে কণ্ঠে মুজিবের
বাঙালি স্বাধীন জাতি, চিরযোদ্ধা অনন্তজয়ের
ষোলো ডিসেম্বরে পরাজিত পাকিস্তানি ঘাতকবাহিনী
লালসবুজের সূর্যে আঁকা আছে বাঙালির বিজয়কাহিনী
ফিরে আসে মুক্তিযুদ্ধ, ফিরে আসে প্রতিদিন বিজয়ের দিন
বাঙালি স্বাধীন জাতি প্রতিদিন যুদ্ধে যুদ্ধে অনন্তস্বাধীন
