আহমেদ বাসারের তিনটি কবিতা
ঘূর্ণিবিদ্যা
যেভাবে দাঁড়িয়ে আছো সমীচীন নয়
দুপা কিছুটা সরিয়ে হাতের আঙুল
মুষ্ঠিবদ্ধ রেখে, দীপ্ত চোখের আগুন
ঝরিয়ে দাঁড়াও তবে সোজাসুজি
শরীরের রেখা যথাযথ এঁকে
জামার বোতাম খুলে হাত তোলো
ঊর্ধ্বমুখে, গালের চোয়াল অবিকল
দৃঢ়তায় হোক অনর্গল উচ্চকিত
পায়ের পাতায় ভর করে লাটিমের
ঘূর্ণিবিদ্যা আর জগতের গতিতত্ত্বে
যতটা সম্ভব পারদর্শী হতে হতে
দাঁড়িয়ে যাও সটান নিজের মুখোমুখি …
ডাস্টবিন
একদিন উগরে দেব সমস্ত মলমূত্র
তোমাদের সভ্যতার পুঞ্জিভূত যত বর্জ্য
একে একে ছুঁড়ে দেব ভদ্র মুখ অভিমুখে
নষ্ট ভাত, পঁচা মাংস, আলু-পটলের খোসা
এতদিন রেখেছি নিজের পেটে, বিশ্রী নোংরা
আবর্জনায় এখনো খুঁজে পাই কত স্যাঁতসেঁতে
অন্তর্বাস, ব্যবহৃত বহু কন্ডমের খোসা
কোন নারী কবে রেখে গেছে নিষিদ্ধ জন্মের ভ্রূণ
বোবা কান্না এখনো গুমরে ওঠে অন্তমূলে
তোমাদের পৃথিবীর জমাট দুর্গন্ধ, অনাহুত বিষ
ক্রমাগত ঢেলে দিয়ে এ দেহের গুহায়
নিরন্তর নিজেদের বলেছো সুশীল
অথচ আমি জানি কতটা পঙ্কিল আর পূতিময়
তোমাদের ঢেকে রাখা সভ্যতার ফসিল…
সম্ভাবনার সূর্যশিশু
(কবি জুননু রাইন)
বিপুল সম্ভাবনার সূর্যশিশু গোকুলে বাড়ছে ধীরে
একদিন সমস্ত আকাশজুড়ে আগুনের শিখা
জ্বলে উঠবে শাখা প্রশাখায়, পুরনো নক্ষত্র
ক্ষয়িষ্ণু আলোর উৎস হাতে নিয়ে পাড়ি দেবে রাত্রিপুর
ধূলিকণা সামুদ্রিক ঔদ্ধত্যে উড়বে হাওয়ায়
আর কোলাহলপ্রিয় পাখিদের ডানা হতে ঝরে যাবে
অপ্রিয় কথাদের পালক,পথে পথে 'আমি' 'আমি' বলে
হেঁটে যাওয়া ছায়াদের পদশব্দে কাঁপবে দেয়াল
নুনপ্রিয় মানুষের পাতে সময়ের রুগ্ন ইলিশ ভীষণ
সুস্বাদু শিল্পের মহিমায় শোভা পাবে ঘোর
একদিন দিনের শরীর হতে অদৃশ্য আঁধার
উবে যেতে যেতে জন্ম নেবে আদিগন্ত ভোর…
