স্বদেশ রায়-এর ইঁদুর
সেদিন একটা গ্রামের পথে গিয়েছিলাম আমরা ক'জন হাঁটতে।
না, আমরা কোন শখের গ্রাম দেখা লোকজন নই বরং ঘরকুনো আর মহল্লাকুনো।
বছরের পর বছর আমরা আমাদের শহরের এই কয়েকটি মাত্র গলিতে কাটিয়ে দেই-
যা নিয়ে আমাদের কোন কিছুই পাপ তাপ নেই, হেরফের হয়না জীবনের কোন কিছু।
এমনকি বিদেশে গেলেও কোন কাজ না থাকলে হোটেলের রুমেই আমরা কাটিয়ে দেই সময়।
তাই সেদিন হঠ্যাৎ গ্রামের রাস্তায় আমাদেরকে আবিস্কার করে আমরা বিস্মিত হই-
যা হবার নয়, হবার কথা ছিলো না কেমন করে ঘটলো তা, সেটা ভাবি কিছুক্ষণ।
গ্রামের চারপাশের সবুজ দেখে আমরা খুব উদ্বেলিত হইনি, কয়েকটি হাঁসকে
শাদা জলে ভাসতে দেখে আমাদের শরীরে কোন পুলক জাগেনি। বরং রোদে
আমরা কিছুটা ঘেমে গিয়েছিলাম, যেমন আগে ঘামতাম আমরা বিদ্যুত চলে গেলে
অন্ধকার রাতে। সে সব রাতে কখনও কখনও আমরা রাস্তায় বেরিয়েছি, দেখেছি
কয়েকটি ইঁদুর পাশ কেটে চলে গেছে, ওরা আমাদের মহল্লার ড্রেনের ইঁদুর কিনা তাও ভাবিনি
কোনদিন। আমাদের রাস্তায় বৃষ্টি নামলে জলে ভরে ওঠে, রিকসাগুলো সাতার কাটে,
তখন ইঁদুরগুলো কোথায় থাকে তাও ঠিক জানা নেই আমাদের।
গ্রামের রাস্তা আরো কিছুটা পার হতেই একটা জলাশয় পড়লো চোখে
সেটা দীঘিও হতে পারে। কয়েক কিশোরী সেখানে ডুব সাঁতার দিচ্ছে- তারা
কোন কেয়ার করলো না আমাদের। বরং আমরাই ইঁদুরের মত পাশ কাটিয়ে চলে এলাম।
