চে গুয়েভারার প্রতি
ওরা দেখেনি তোমার চোখ, কি মায়াময় তা
যেখানে খেলা করতো এক গভীর আবেগ।
ওরা বোঝেনি তোমার ভাষা, বুঝতে চায়নি
চেয়েছিল শুধু ঝাঁঝড়া করতে-
তোমার ঐ বুক, যা ফুলিয়েছিলে
গহীণ কাঠ কয়লার বলিভিয়ার জঙ্গলে।
কাটা হাত, সঙ্গী ফরমালডিহাইডের জারন
শুধু মিশ্রণই জানে তার রসায়ন,
আর জানে এই ব্রহ্মা-
কি অদ্ভুত এক তেজ, আর তার ঝাঁপটা।
এসেছিলে আটাশে জুনের কোনো এক সকালে –
বিপ্লবের দুয়ারে দুলতে, দোলাতে
ঠিক যেন চাবি দেয়া পেণ্ডুলামের মত
প্রতি ঘণ্টার প্রতিধ্বনি, শংকিত করে
কাঁপিয়ে দিতে শোষকদেরকে।
ওরা বোঝেনি তোমার শ্মশ্রুমণ্ডিত প্রতিকৃতির শক্তি।
কি দুর্দান্ত!
ভেবেছিল ঝাঁঝড়াতেই সব শেষ হবে
অসাড়তা আর কাকে বলে?
আহাম্মকের দল!
শুধু ভালেগ্রান্দেই বুঝেছিল –
তোমার সবুজ জ্যাকেটের ওজন।
ওহ এর্নেস্তো
কি ছড়ালে তুমি? হয়তো সেই,
সতের ঊনআশির ফরাসি ঢেউ,
হয়তোবা বিশ-শতকের রাশিয়ান ঝড়।
এত সহজে দমবার পাত্র নও।
ও'ব্যাটা জেনারেল ঠিক ঠিক ঠাউরিয়েছিল
তোমার ব্রত
তাইতো কত উন্মত্ততার বহিঃপ্রকাশ হল
মহাকাব্যিক সব পরিকল্পনার অংশ হলে তুমি।
তোমার শবদেহটিও পেল না রেহাই
হল শত ব্যবচ্ছেদ!
কত্তো রাজকীয় বেশে অংশ নিলে তুমি,
কত খবরের হলে বিষয়। অতঃপর
আবারো ফিরলে তুমি, হ্যাঁ, ফেরাই বটে,
ঠিক যেন এক রাজসিক ফেরা, যেমন
জুলিয়াস সিজার ফিরেছিল পম্পেই গুড়িয়ে।
তুমি ফিরে ফিরে আস চির নূতনের বেশে
তোমার উপস্থিতি, এক দুর্দমনীয় প্রতিজ্ঞায়,
যে পারতে চায় সবকিছু নূতন করে লিখতে।
ও এর্নেস্তো, চির বিপ্লবী চির জাগরুক তুমি
