সাইফুল্লাহ মাহমুদ দুলালের কবিতা: মানুষের দেশে
চিত্রকর্ম:শিল্পী মোহাম্মদ ইকবাল
কিছুকাল মানুষের দেশে বসবাস করেছি,
নিজের ছায়াও তাদের শত্রু।
তারা হুমায়ূন আজাদকে খুন করে, নিহত করে ভোর।
বইয়ের বুকে চালায় চাকু, কালো অক্ষর রক্তাক্ত হয়ে কাঁদে।
পরশ্রীকাতর। স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে অন্য নারী,
তার চেয়েও অনেক বেশী পছন্দ করে টাকা এবং মিথ্যে
মানুষ ছাড়া আর কোনো প্রাণী মিথ্যে বলেনা,
অদ্ভূত দেশে সেই মানুষের সাথ বসবাস করে না পরীরা,
চাঁদও ভ্রমণে আসেনা, পাঠিয়ে দেয় জোছনা।
বুড়িগঙ্গার ওপাড়ে কন্যাসন্তান হলে তারা দুধের বদলে
খেতে দেয় জলগলানো আটাদুধ।
তারা বই পড়েনা কিন্তু বই লেখে, অযথা কবিতা লিখে
বাদ মাগরেবে আর কোনো কাজ করেনা!
নদীতে, পুকুরে গোছল করতে গিয়ে জলত্যাগ করে,
ঘুমুবার আগে দাঁত ব্রাশ করেনা,
কেউ কেউ সঙ্গমের পূর্বে চুমুও খায়না,
তারা বেগুন তরকারি ভীষণ ভালোবাসে।
মানুষ পাখির সাথে, গাছের সাথে, নদীর সাথে খারাপ ব্যবহার করে।
চোর পালিয়ে গেলে তাদের বুদ্ধি খোলে বুদ্ধিজীবী হয়,
তারা কাক; কিন্তু নিজেদের কোকিল ভাবে।
ভালোবাসে সেলফি তুলতে!
