২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম আজাদ: তাকিয়ে দেখি তলানীতে রক্ত পড়ে আছে

শামীম আজাদ শামীম আজাদ

Published : 23 Apr 2018, 02:30 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

১
বলেছিলাম চলো,
পেয়ালা ভরে পান করি
চা দিয়ে বেরিয়ে গেলে
চোখ বুজে চা নিঃশেষ করে
তাকিয়ে দেখি তলানীতে রক্ত পড়ে আছে

২
কেন সে কঠিন শব্দগুলোর মালিকানা নিলে
এখন তুমি ও তারা ত্বক হয়ে গেছ আর
কিছুতেই আমার গা থেকে খুলছ না

৩
আমি যখন হাঁটি
আমার কাঁধে চড়ে
পরিভ্রমন করে
তিন সিঁড়ি নব্বুই জন
তাদের গন্ধ পাই না
দেখতেও পাই না
শুধু দুঃসহ ভার টের পাই

৪
তুমি হাসলে হবিষ্যিও
হাজার এক রাত্রি হয়ে যায়
তুমি অবজ্ঞা করলে
কাফণের কথা মনে পড়ে যায়