সকল হারাবার পরে
ঘর পুড়ে, কাপড় পুড়ে, বই পুড়ে খাতা পুড়ে, সহায়সম্বল পুড়ে
সকল হারিয়ে সকলে ওরা বস্তির বাসিন্দারা হাজারে হাজারে
জিডিপির সাত পারদের পরে খোলা আকাশে নিচে জগতের
ঘরবাড়ি করে, নারী শিশু সকলে পোড়াবস্তির পোড়ার নগরে !
পোড়ার পরে, কে ওদের জীবনের মানে বাতলে দিতে পারে?
পোড়খাওয়া ওরা দুমুঠো খাবারের আশা করে, রাত পেরোয়
দিন যায়, মেলে না চাল, মেলে না ডাল, ওদের জান যায় যায়
পোড়া দুনিয়া মরা সময় কে দেবে ভাত, বাড়াবে ভরসার হাত?
'এই যে এত মানুষ আইতাছে, মানুষ যাইতাছে, ছবি তুলতাছে
একটার পর একটা প্রশ্ন করতাছে, এত প্রশ্ন দিয়া কি অইব?
উত্তর জাইন্যা কি অইব? এসব দিয়া পেটের জ্বালা মিটতাছে?
দেয় না খাবার কেউ! দেয় আগুন বস্তির ঘরে, বছরে বছরে?'
সকল হারাবার পরে ওরা; বস্তির বাসিন্দারা সকলে দিশেহারা;
বস্তি পুড়ে; কোন মহাজনের রমরমা দিন ফেরে এই নগরে?
মহাজনের অনুভূতি কেমন? কোন টিভি পত্রিকা সাংবাদিক,
কে আমারে এই খবর দিবার পারে? বড় জানতে ইচ্ছে করে!
