তোমাদের ভালো ছাড়া
তোমরা সবাই আজ চিরউড়ন্তের দলে।
যাও উড়ে যাও অনঙ্গের অনন্ত মঙ্গলে।
ফিরে আসে এ মাটিতে এ মাটির দেহ।
আত্মা চায় পরমাত্মা, নেই তো সন্দেহ।
কেউ আগে কেউ পরে, যাবে তো সবাই।
আসা ও যাওয়ার পথে অন্য পথ নাই।
আমরা আরোহী হই, আমরা বিরহী।
আমরাই খুলে রাখি কালো শোকবহি।
ভুলের মাশুল দিয়ে আমরাই কাঁদি।
আমরাই বাদী হই, আমরা বিবাদী।
ফিরবে না তোমরা তো কোনদিন আর।
এখনো আকারে আছি, তুমি নিরাকার।
ভালো থাকো সকলেই, যেখানেই থাকো, যেভাবেই।
তোমাদের ভালো ছাড়া আমাদেরও আর ভালো নেই।
