তারেক মাহমুদের ৫টি কবিতা
বিদায় নেয়ার পরে
তোমার সাথে এমন এক সম্পর্ক হয়ে গেলো যে অদ্ভূদ
টেলিফোনে কথা বলতে বলতে বাই
আবার কথা বলা
আবেগের
বাস্তবতার
কল্পনার আবার বাই
বাই বলার পরে আবার অনেক কথা
বাই বা বিদায় বা এখন রাখি
এসব বলা মানে যেন আবার নতুন করে কথা বলা শুরু
এমন ঘটে এফবিতে চ্যাট করতে করতেও
আমাদের কতোবার বাই হয় কতোবার গুডবাই
বিদায় নিতে নিতে অদ্ভুত স্টাইলে আবার বল
'একটা কথা মনে পড়ে গেলো'
তারপর আবার শুরু
ব্যাপারটা মজার, নাহ!
আমি তাই বারবার বাই বলি
যেন তুমি আরো বেশি করে কথা বলতে পারো
ঝুলে আছি
ঝুলে আছি আমি ঝুলে আছি
ওগো তোমার দীঘল চুলে
হেসে আছি আমি ভেসে আছি ওগো
তোমার কানের দুলে ॥
তুমি আছো আছো জুড়ে
আমার সকল অলস কাজে
উল্টে আছি লেপ্টে আছি
তোমার শাড়ির ভাঁজে ॥
চোখের পাপড়িতে ঘন হয়ে
রোজ ভোরের সূর্য্য ওঠে
ছুঁয়ে আছি ওগো নুয়ে আছি
তোমার গোলাপ ঠোটে ॥
তোমার হাসিতে ঝরনা ঝরে
অঙ্গে তোলে সুর
সেই সুরের তালে হাওয়ার পালে
যাবো যে বহুদূর ॥
১৭.০৮.১৫ নিকেতন, ঢাকা।
বানভাসী
ভাতের মাড় উথলে উঠছে গোশতের সুঘ্রানে
শিশুতোষ মন খেলা ফেলে
চেয়ে আছে মাড় শুকানোর দিকে
উচ্চস্বরে শ্রমিক পিতার ক্ষুধার্ত পেট জ্বলে
তরুণী মাতার হৃদয় শুকায় পলিথিন গৃহতলে
সে এক সুখের দিন ছিলো আহা
তখন সে কিষাণ বধু
কিষান স্বামী গঞ্জে যেতো
তরুণীর চোখ
পথপানে চেয়ে থাকতো শুধু
গঞ্জ-ফেরত কিষান স্বামী
সওদা আনতো কতো
যতোখানি লাগে সংসারে তার
তারও চেয়ে ঢের শত
আহারে সব ভেসে গেলো সব্বনাশী বানে
কোথা গেলো সেই সাজানো সুর
সেই স্বপ্নময় গানে
এতিম পেট খালি পরে রয়
ক্ষুধা মেটেনা তাতে
পলিথিন গৃহে সংসার পাতে
নাগরিক ফুটপাতে
নর্তকী
মঞ্চে নৃত্যরতাকে দেখে কী মনে হয়?
ঐ যে তার হাস্যমুখ
শরীরে কাঁপন
পলোর মতো ফুলে উঠছে তার লেহাঙ্গা
তার শরীরের ভাঁজে গেঁথে যাচ্ছে তোমাদের চোখ
মনে মনে ক'জন পারছো তাকে কামনা না করতে
নর্তকী তোমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে উড়ন্ত চুমু
তোমরা হো হো করে উঠছো
ভাবছো আনন্দদানরতা ঐ মেয়েটি খুব আনন্দমূখর
একবারও ভেবেছো কী
তার প্রতিটি মুদ্রার আড়ালে লুকিয়ে রয়েছে কতখানি বেদনা
ওর বেদনামুখর মুখখানি কত কসরতে হাসি ধরে রাখে
একবারও ভেবেছো কী একাকী নর্তকী কতটা নিঃসঙ্গ
নর্তকীর একটিও নিজের মানুষ নেই
তোমরা ওর হাসিমুখ দেখো
আমি দেখি ওর লুকানো বেদনা
নর্তকী, তুমি বেদনা বিলাও
অথবা খুলে ফেলো তোমার আনন্দের মুখোশ
পুরোনো বাসা ছেড়ে দেবার সময়
পুরোনো বাসা ছেড়ে দেবার সময়
এক ধরনের কষ্ট সামনে এসে দাঁড়ায়
স্বজনহীন এই শহরের ভাড়া বাসায় থাকতে থাকতে
অনেকের সংগেই গড়ে ওঠে সম্পর্ক
সব্জি বিক্রেতার সংগে, লন্ড্রির দোকানী, মুদিওয়ালার সংগে
গড়ে ওঠে এক নিবিড় সম্পর্ক
রাতে ঘরে ফিরবার সময় রাস্তার মোড়ের
একপাল কুকুরগুলোর সংগেও গড়ে ওঠে বন্ধুত্ব
মোড়ের সিগ্রেট বিক্রেতার সংগের সম্পর্কটিও বাদ যায়না।
কোনো কোনো বিকেলে ছাদে উঠলে
পাশের বাসার ছাদে ঐ কলেজ পড়ুয়া ছাত্রীটির সংগেও
নিবিড় বোঝাপড়া হয়ে যায়
দেখা গেলো তার সংগে কোনদিন কথাই হলো না
গাড়িতে সব মালপত্র উঠানো হয়ে গেছে
এখনি এই বাসায় নতুন ভাড়াটে উঠবে
আমি চলে যাচ্ছি, এই বাসায় কোনোদিন আসা হবে না
গাড়ি প্রস্তুত, উঠে বসলাম
পাশের বাসার ছাদের ঐ মেয়েটির সংগে শেষ পর্যন্ত দেখা হলো না
ও কী কোনদিন খুঁজবে- আমার বিগত চেনা ছাদে- আমাকে ?
গাড়ি এগিয়ে চললো, সবকিছু পেছনে পড়ে রইলো
হঠাৎ মনে হলো আমার প্রিয় রেজারটি আনা হয়নি
ওটি বাথরুমে পড়ে আছে- থাক।
