মাহবুব আজীজের ছয়টি কবিতা
কোন বদল নেই
আকাশ সেই একই। সন্ধ্যাও তাই।
বাতিগুলো জ্বলে উঠছে;
চোখের ভাষা মরে যাবার পরও সবই একই;
– মৃদু পায়ে আলতো এগিয়ে যাই।
কিভাবে সব বদলে যায় কিচ্ছু বুঝি না;
সামান্য স্পর্শে মাতাল শরীর কিভাবে হয় পাথর আবার!
ঝলমলে হাসি ভ্রুকুঞ্চনের ভাজে ঢাকে-
অবিরত অপেক্ষার মুহূর্তগুলো স্বপ্নের অন্তর্গত!
ত্রিশ কিলোমিটার পেরুতাম ত্রিশ সেকেন্ডে-
এখন তা তিন হাজার কিলোমিটার দূরত্বের আদিবাস!
যে হাসি একশ' গোলাপ ফোটাতো নিমেষে;
এখন তা যে কোন হাসি- বিশেষত্বহীন, নির্বিকার!
কেবল সন্ধ্যার কোন বদল নেই- আদি, অকৃত্রিম
আমারই মতো- কোমল, দুঃখী, বেদনায় হিম।
মাঠ:তোমার অবয়বে
মাছের পিঠের মতো নিঃসার নিঃসঙ্গতাই আমার গন্তব্য-
আমি জানি। তোমাদের নিজস্ব নিঃশ্বাসে আমার ঠাঁই নেই;
আমি বড় বেমানান, অহেতুক বালক! কিম্ভুত কিমাকার-
অর্থহীন হাস্যে অবিরাম স্বপ্ন দেখা এক নির্বোধ অর্বাচীন!
ক্ষিপ্র রোদ ঝলসিত দুপুরে অমলিন কান্তি দেখে মাতাল!
এইসব স্বপ্ন, মায়া- আমাকে হাতধরে তেপান্তরে নিয়ে যায়-
আমি বারবার বারবার অবোধের মতো পিছুপিছু ঘুরি-
ঘুরতে ঘুরতে ঘুরতে ভুলে ভুলে যাই বাস্তবতা, একাকিত্ব, গ্লানি।
ভুলে যাই যার যার একান্ত নিঃশ্বাস, নিভৃত সবুজ গৃহকোণ-
এইসব সোনালী দিন- এখানে আমি বড় বেমানান, বেঢপ;
উদ্ভট স্বপ্নখোর ঊনমানুষ, একাকী দহন যার একমাত্র নিদান
তোমাদের বানানো নিয়মে আমি পর্যুদস্ত- সর্বস্ব হারানো কৃষক-
বিরান ভূমিতে অবিরাম হেঁটে চলা; ন্যাপথলিনে মোড়ানো
স্মৃতির মালারা আমাকে জড়িয়ে ধরে আমূল-'ভুলে গিয়েছিলে?'
নির্বাক বিস্ময়ে দেখি সামনে শৈশবের ধুধু সেই মাঠ একলা ছড়ানো;
মাঠ যেন তোমার অবয়ব পায়- চুমো খায় আলতো- 'আমি তো আছি!'
চিরকুট
পুরনো টুকরো কাগজগুলি চোখের সামনে হামুখ তাকায়-
ছেড়াছেড়া, বাতিল, বিবর্ণ-চমকে চমকে দেখি কি যেন লেখা!
নাম নেই; অস্পষ্ট- কবে লিখেছিল, কে লিখেছিল; চিহ্ন নাই-
ড্রয়ারের দূরতম কোণে অবহেলায় পড়ে থাকা এ'কোন চিরকুট?
'ইট হ্যাপেনস' বলে সোজা চলে যাওয়া নাগরিক মুখখানা লিখেছিল…
একটু একটু করে সাজাই আবার কাগজগুলি; গন্ধ নিই, পড়তে চাই-
চলে যাওয়া বা ফিরে পাওয়ার কোন কষ্ট আর বোঝা যায় না;
মানুষই তো। ঠিকই চলে যাবে…এ নতুন কিছু নয়; নিশ্চিত সহাস্যমুখে-
চলে যাওয়া দেখাই আনন্দময়। তারপরও দীর্ঘনিঃশ্বাসে নড়ে যায় চিরকুট!
উড়তে থাকে। উড়তে থাকে-বুকের কোন্ গভীরে লুকিয়ে থাকে বেদনারা-
কখন কোন্ ফাঁকে তা বেরিয়ে আসে; সেই দুরন্ত রাস্তা- একলা মধু নদী-
বৃষ্টিস্নাত রিকশা, একটুখানি দেখা করবার সুযোগ পাওয়া দু'টি থরথর পাখি।
সব বেদনার পতাকা ওড়ায়; কিছুই মরে যায় না।
জানি, কিছু চিহ্ন থেকে যায়-
একাকী কোন নদীও নিশ্চিত জেগে থাকে- কোথাও না কোথাও-
জ্যোস্নায় বৃষ্টিতে-ঝড়ে তুমুল ওলোট পালোটে
মানুষেরা ভাসতে থাকে- বিবর্ণ-ছেড়া চিরকূটের মতোন।
সত্যি প্রেমের জন্য
সমস্ত আবর্তন নিয়মমাফিক- ঘুমজাগরণ-
একটানা দিনরাত্রি; তুমুল আপত্তি, প্রেম-অপ্রেম,
পাওয়া-না পাওয়া, দ্বন্দ্ব বিলোড়ন-
সব ফুরায়। জয়-পরাজয়-সুখ-দুঃখ অমোঘ নিয়তির মতো
সামনে দাঁড়ায়। মানুষগুলো কখনও হাসে
কখনও কাঁদে, কখনও রাগে কাঁপতে থাকে-
তাদের কত কত দাবী অনুযোগ, প্রতিবাদ!
মানুষেরা নিজের দিকে তাকাতেও ভুলে যায়-
কত কী যে ঘটে তাদের দিনমানে, মুহূর্তপরম্পরায়!
ছোট বড় চাওয়া, না পাওয়া, কষ্ট, কিছুবা পাওয়া-
উল্লাস, আনন্দ, ব্যর্থতা, ক্রন্দন- মিলেমেশে কত কীযে!
চারপাশে বেঁচে থাকার সুতীব্র আয়োজন,
হৈচৈ,চিৎকার- উল্লম্ফন!
…আমি শুধু বুকের ভেতরের লুকানো সমুদ্রের ডাক শুনি…
রাত গভীর হলে
আর কেউ যখন জেগে নেই কোথাও-
ঘুমোবার একটুকরো বালিশ কেবল
মাথার নিচে টেনে নিই!
আর তার সেই একখানা হাত-
ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল!
দূরত্বের পাহাড় ডিঙিয়ে আমার গায়ের পর এসে পড়ে থাকে কখন!
আমার আর কোন তৃষ্ণা থাকে না।
আমার আর কোন লোভ জাগে না।
কেউ জানে না, সত্যি প্রেমের জন্যে কতটুকু
কম যে প্রয়োজন! কত কম!
কোলাহল ছেড়ে
চমকে শুনি- কে একজন ডাকে ভুলে যাওয়া ডাকনামে-
সবুজ পাতারা- কোথায় যে পড়ে আছে কে জানে!
আত্মমগ্নতার বিবর্ণ সময়ে-এখনও কেউ কাউকে ডাকে?
কিছু বুঝে ওঠার আগেই আচ্ছন্নতা তার দিকে টানে।
আচ্ছন্ন ছিলাম; সে তো বহুকাল- এখনও যেমন আছি-
নির্বান্ধব বিকেলগুলো আমারই মতো নিরন্তর হাঁটে;
আমি কেবল এর দিকে ওর দিকে হাসিমুখ প্রার্থনা করি-
সবাই নিজসুখেই মগ্ন; আত্মপ্রেম রটিয়ে চলে ঘাটে ঘাটে।
আমি তবে অচেনা- অপ্রস্তুত- বেমানান তোমাদের প্রান্তরে-
সবাই উদ্বিগ্ন ও ব্যস্ত দিনমান- সব মুখই রাগী- দুর্দান্ত;
আমার হাসি পায় অহেতুক; মনও খারাপ হয় যখন তখন-
যুক্তি নাই-ঘুরঘুর করি, না-দেখা স্বপ্ন খুঁজে ফিরি একান্ত।
সমস্ত কোলাহল ছেড়ে নিরবে একপাশে চুপচাপ দাঁড়াই-
কোথাও যাবার নেই, আসবেও না কেউ- নিশ্চিত টের পাই।।
ডানাভাঙা পাখি
দুটো ডানাভাঙা পাখি ছুটতে ছুটতে
একটুখানি বসবার জায়গা পেল-
তাতেই তাদের কি আনন্দ! যেন বিশ্বজয়
করে নিয়েছে দুইজনে!
আমার হাসি পায়-
পাখিদুটো জানে না,
ডানাভাঙার কষ্টও যখন সয়ে যাবে;
তারা একে অপরের দিকে
আর ফিরেও তাকাবে না।
-ওরাও মানুষের মতোই করবে!
চোখে কোন ভাষা থাকবে না তখন।
