২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুবাইয়াৎ সিমিনের কবিতা

রুবাইয়াৎ সিমিন

Published : 25 Feb 2018, 12:54 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM


১
ত্রাসের সাদা বিস্ময়কে কাটিয়ে ঊষর দ্বীপে খুঁজে পেয়েছিলাম ফেরাউনের চাবির গোছা।
বিপন্ন জীবনের ভবিষ্যত সংগ্রহের অটুট উৎসুক প্রাপ্তিকে সন্মূখ-সাক্ষী প্রদক্ষিণ করে পার করা
আরোও কিছু সময়। মুহূর্তের বিপরীতে যুগ-যুগান্তরের ব্যপ্তি নয়;
বরং সত্যিকারের যুগান্তরের ব্যপ্তিকে পার করে সবুজ পাতায় ছলকে যাওয়া আলোর সরলতায়
কৌতুহলী মনে তুলে নিয়েছিলাম চাবির গোছা। সকল সন্মিলিত হৃদস্পন্দনের অস্ফুট আওয়াজ
হুঙ্কারের তীব্রতা নিয়ে প্রতীক্ষা করেছিল কুলকুল ধারা বেয়ে শারীরের মৃত্যুর।
পরাবাস্তব অনুভূতির স্যাঁতসেঁতে জলাভূমিতে অপ্রতিরোধ্য আলোর বন্যা ক্রমশ দখল করে
নিয়েছিল অন্ধকারের রাজ্য। মস্তিস্কের ধূষর কোষে একেঁবেঁকে চলা দূর দিগন্ত
অযাচিত রূপসুধার দৃষ্টিবাণ হেনে জানিয়েছিল স্বাগত।
প্রাণহীন উষর প্রান্তে স্বীয় সত্ত্বার মুক্তির দাবীতে ধবমান ভবিষ্যত প্রজন্ম –
ইতিহাসের পুনরাবৃত্তি দেখার প্রয়োজনে জীবনস্মৃতির দুর্বিষহ বন্দিত্ব থেকে মুক্ত করে নিজেকে।
একই পথ বেয়ে ফিরে আসা গন্তব্যে মোহনার অনাদিকাল বয়ে চলাকে স্পর্শ করে ক্লেদ মুক্ত
শরীর হয় মরণ নেশায় ব্যাকুল। অতঃপর স্বপ্নরাজ্যের ঘোরে বিপন্ন জীবন
খোঁড়ল থেকে কেবল জানান দেয় স্বীয় অস্তিত্বের।
সঞ্চিত অভিজ্ঞতার সম্মোহনী ভাষায় বহূবর্ণী তলদেশে ভাসতে থাকে অভিভূত জীবনের মিতালী।

২
প্রশস্তিহীন এক দেয়ালের পিঠে কান পেতে শুনে যাই
অতীত-বর্তমান-ভবিষ্যৎ হয়ে কোন এক অজানার কথা।
মুখে অভিব্যক্তি বদলে ফেলার পরিবর্তে

বারবার করে দেখে নিই ঠিক আগের মতই আছি কিনা সেখানে

যেখানে রেখে একদিন চলে গিয়েছিলাম অজানাকে পথ ভেবে।

খেয়ালি পথের মাঝে মনে পড়ে এক আগুনরাঙা বিকেলের কথা,
স্পর্শানূভুতির অতীত সেই বিকাল ছুঁয়ে গিয়েছিল পরম মমতায়।

আজও বিস্মৃত হইনি।
জীবনের সকল খুঁজে ফেরা পাওয়া অথবা না পাওয়া হয়ে
যখনি ছায়ায় এসে পা রেখে দাঁড়ায়
দহনকালের সব তাপ আমাকে গ্রাস করে নিশ্চিহ্ন করে দেয়।

কান্না ভুলে কিছু একটা করার মানসে হাতড়াই সিথান-বিথান।

কিছু না পেয়ে আবার মুষড়ে পড়ি।
সমুদ্রের স্বাদ কিম্বা ঝরে পড়া জলের বয়ে যাওয়া
চেতনায় এক প্রকার ভাললাগা তৈরি করে।

পৃথিবীর যে সমান্তরালে আমাদের বসবাস সেখানে প্রতি মুহূর্তে

একটাই বোধ–সময়গুলি কি দ্রুত ফুরিয়ে যাচ্ছে

আবার কেন ফুরিয়ে যাচ্ছে না!

দীর্ঘ সময়ের জন্য আকাঙ্ক্ষার সমান্তরালে
উৎপীড়নে মুক্তি চাই বলে পলায়নপরায়ণতা।
মুগ্ধকর বাজিয়ে তাঁর ডুগডুগির ছেঁড়া সুঁতাটি বাধতে বসে
কেবলি ভুলে যায় দুটি মুখকে এক করে ধরে
তারপর বাঁধতে হয় একত্রে।

তাই সময়ের পার হয়ে যাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে

সে বাঁধতে পারে না তার কন্ঠকে।