অনুপম মণ্ডলের পাঁচটি কবিতা
জল
শান্ত জল,
তার কেশভার নত হয়ে আছে
নিরাশ্রয়, মাটির দেয়াল বেয়ে সন্ধ্যা নামছে।
শীর্ণ আলোকের রেখা
শূন্যতায় একে একে নিজেকেই তুলে ধরছে।
ফলে ঐ কম্পিত অশোকশাখার তলে
ধীরে ধীরে,
নক্ষত্রবেশে রাত্রি জেগে উঠেছে।
পিতৃঋণ
সন্ধ্যা বুঝি, মাথা নিচু করে দাঁড়িয়ে। পাতার ছায়া কম্পমান। করবীর শীর্ণ পাতাটি মৃত্তিকার পানে নত, ফলে রক্তিমাভ। যে স্বর, অনন্তের কাল ছিঁড়ে ভেসে আসছে যেন পিতৃঋণ থেকে, তার ভেতর প্রতিভাসিত আমাদের স্মৃতি আর বধিরতা।
সেই স্বর আমাদের নিয়ে যাবে কোন দিকে। আর নতুন কোন গান বাঁধবো আমরা? মুহ্যমানতার দিকে, ধবল জ্যোৎস্নার দিকে!
পথ
যদি সেই অনন্ত পথের দিশা নাই মেলে,
তার থেকে কিছু দূরে গিয়ে বসি তাই।
বুঝি, এখানে বন্ধন ও মুক্তির পথ
স্তম্ভিত, প্রস্তরের বক্ষ আকীর্ণ হয়ে ধ্বনিত।
আর যেখানে পৌঁছাবো আমরা
তিনি সেই অলৌকিকতার কথা আমাদের বলে চলেছেন।
যেন অনাবৃত ক্ষুরের মধ্যে শব্দ গ্রহন ক'রে কেউ স্তব্ধ হয়ে বসে আছে
শ্লোকবদ্ধ, সামনে রজনী, করুণা, আর বিপুল পরাজয়
পাতার রাশি
ঘাসের ফাঁক থেকে উঠে, সন্ধ্যার আকাশতলে যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে– তার বাণী শোনা যায়। ইহলোকে প'ড়ে আছে শরীর। নিঃশ্বাস বইছে কি বইছে না। বহুদূর থেকে দেখা যায় ভৃত্যের ন্যায় কোন বলরাম দাঁড়িয়ে রয়েছেন। শুকনো পাতার মর্মর থেকে কি কোন ধ্বনি ভেসে উঠছে?
মাথা তুলে, নীল তুষারাবৃত পর্বতশিখর যেন একটু চোখে পড়ে।
কোন অকরুণ কাল
সেই দিনের কথা মনে এলো।
বৃষ্টির অবিশ্রান্ত ধারার মধ্যে
একটা পাখির ডাক,
শূন্য ঘাটে, লতাপাতার গন্ধে
মৃদু হয়ে উঠছে।
