২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাব সুমনের কবিতা: জন্মদাগ

সোহরাব সুমন সোহরাব সুমন

Published : 28 Dec 2017, 11:46 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

১
চুপথাকে
ভালোবাসা চুপথাকে
না পাওয়ার নির্বাকে
কিছু কি বলার থাকে?
চুপ থাকে!
বলার যখন কিছু নেই
ফেরাবার বৃথা চেষ্টাতেই
তুমি যে ছাড়িয়ে নিলে হাত
পাশাপাশি বসে থেকে থেকে…
২
মন বোঝ না
ডাকো শরীরের টানে
দেহ কি মনের মতো
ওত যাদু জানে
৩
গহীনে শব্দেরে রেখে বলি কার কথা
নৈঃশব্দেরা কি বোঝে
নীরব মনের
ভাষা

৪
ফিরে যাবে আকাশের মেঘ
বাতাস ফেরারি হবে
ছিড়ে গেলে
আমার আবেগ
৫
কথা নেই দেয়া
তবে আর কথা রাখা কেনো
ভ্রমর চলেছে ভেসে
বাতাস কি জানো
৬
তাই তো এই রাত জাগা
ভালোবাসা ছুঁতে চাই তোমার গভীর
ছন্দে ছন্দে কবিতায় বোধের এই ভীড়
অথবা ছন্দহীন পতিত গদ্যে
যখন ভীষণ একাকী
৭
আমার সঙ্গে যা ঘটে তা ঈশ^রেরই লীলা
নতুবা নচ্ছার কোনো মানুষের শয়তানী!
৮
কবিতা এক দীর্ঘতর ব্যথা
গভীর গভীর সীমাহীন…
তোমার নাকের ডান পাশের মায়াবী ঐ
হালকা বাদামী সরু ছোপের মতো-ই
কোন এক জন্মদাগের অবছায়া অনেক নিবিড়
আর দু-হাতের তালুর কিনারায় জমাট ঘন নীল…
৯
যা বোঝার তা বুঝে নেবার পরও…
(উৎসর্গ)
১০
অথচ ভুলের মাঝে তার সব বিস্মৃতিতে ঢাকা
তবু দেখি সেই স্মৃতি আজো এক জন্মদাগে আঁকা
অনেক নিবিড় কোনো ঘুমভাঙ্গা রাতে সে আমার
হয় না তো, ডাকে না তো কাছে সেই অমরাবতীরে
স্বর্গ অনেক দূরে তার কাছে, মানুষের পাশে তবে রয়
যখন মন সেই মনের কাছে শুধু সেই কথা কয়,
সেই সব কথা যাতে সুখ খুঁজে পুড়ে যায় অনেক
অবোধ হৃদয়, তারপর খুঁজে ফিরে এমন আশ্রয়
যার তরে অন্ধ প্রনয় প্রতিদিন তার আর
আগামীর কাছে সেই রাখে প্রত্যয় মানুষের
মুখোমুখি হতে, আমাদের সমাজের বন্ধ পাতাতে।