জুননু রাইনের শিরোনামহীন কবিতা
১৭.
তখন একা একা হাঁটতুম, একা মানে একাই, যাওয়া থাকত না, দাঁড়ানো থাকত না, ফেরা থাকত না, তোমাকে দেখা বা না দেখার ভয়ও থাকত না; কেবল রাত্রির কথা বলা থাকত।
সে রাতের সংঘর্ষে থিয়া রক্তাক্ত হয়েছিল, রক্তগুলো কয়েক'শ আলোকবর্ষের বৃষ্টি, বৃষ্টিরা হাসছিল জোছনা, অথবা কাঁদছিল, ফ্যাকাসে বোবা কান্না। নীল রাঙা সবুজে জীবন ফুটছ, আর হাসছ অথবা কাঁদছ, আমি হাঁটতুম আর সেই কান্না ফুলের গন্ধে ডুবে যেতে থাকতুম, ডুবতে ডুবতে পৃথিবীর ওপর এক হাত রেখে দাঁড়াতুম, আলোর কসম, আমি একা এবং একাই তোমার দিকে হাটঁছিলুম, পৃথিবীর সব ডাক তোমাকেই ডাকছিলুম।
১৮.
তখন কেউ পিছন থেকে ডাকেনি, আমি রেগেমেগে আমার পাশে বসে থাকতাম, বসিয়ে রাখতাম আমার ফাঁটা পাহাড়, ভাঙা পাথর। হাঁটতে চাইলে বাতাস কোথাও নিয়ে যেতে চাইত! আমার যাবার শক্তি আমাকে ফেলে রেখে চলে যেত, আমার হাঁটু দিয়ে দীর্ঘশ্বাস বেরুতো! চোখের মরা আগুনে আমি তোমার বিষয়ে ক্রমশ অষ্পষ্ট হয়ে উঠতুম। সকল ছেঁড়া সবুজ পাতার যৌবনের স্রোতে ডুবে যেত তোমার অভিশপ্ত সমুদ্র। আমি ভেসে উঠতাম পৃথিবীতে, অন্ধ চাঁদ-সূর্য ছড়িয়ে ছিটিয়ে থাকত ব্যাথায়, ব্যর্থতায়!
তবু আমি হাঁটতে চাইতাম, হেঁটে যেতে চাইতাম তোমার ঠিকানায়।
১৯.
সন্ধ্যার মেঘলা বাতাসে কুপির আলোয় নিভে যেতে চাইব
ঈশ্বরের দাওয়ায় বসে থাকব অনেকগুলো একাকিত্ব
মন্দিরে ধুপের গন্ধে পরিচিত অচেনায় বুড়োর শিশুহাসি হাসব।
তখন তুমি যদি জোছনায় মুখ ধুতে চাও-
গভীর রাতের শরীর বেয়ে আমার হাসির রক্ত নেমে পড়বে
তোমার আঁজলায়, চোখের সমুদ্র চেয়ে থাকবে জীবনের অপেক্ষায়।
অথচ তুমি খুব আস্তে আস্তে হাঁটো
হৃদয়ে তোমার নিঃসঙ্গ দুপুরের অর্থ গাঁথো
জানো তো দুপুর খুব হন্তারক
আমার নিরীহ পাখির ডাকগুলো শুষ্ক করে দেয়।
