২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার্তিকের গলে যাওয়া রাত্তিরে!

maruf_kabir

Published : 21 Oct 2017, 11:31 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

অশত্থের ফাঁক গলে জীবনানন্দের শিয়রে পঞ্চমীর চাঁদ আলো ঢালে,
বেনো জলে ভেসে যায় বিপন্ন বিস্ময়, কার্তিকের বাতাসে এসে মেশে লক্ষ্মীপেঁচার দীর্ঘশ্বাস,
সোনালি ডানার চিল ছোঁ মেরে নিয়ে গেল বেঁচে থাকার সব অভিলাষ,
শুঁয়ো পোকার মতন ট্রাম এগিয়ে আসে জ্যোৎস্নার আলোতে কলকাতার রাজপথে,
শিশির ভেজা রাতে নক্ষত্রেরা মৃত আকাশ থেকে খসে পরে সফেদ সমুদ্রে।
স্বপ্নের পাণ্ডুলিপিতে রোদ্দুরের ঘ্রাণ তখনো ময়ূরের পেখম ব্যাকুল মুছে নিতে,
শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রাত এগারটা পনের বাজে,
হেমন্তের রাত্রি চিরে স্থির হন কবি অবশেষে,
ঘন অন্ধকারে জোনাকির মতন হারিয়ে যায় কীর্তিনাশার দিকে।

মর্গে কি অবশেষে তোমার হৃদয় জুড়ালে অপব্যয়ী ঘ্রাণে!
থুরথুরে অন্ধ প্যাঁচা এখনো তোমার জন্য বসে আছে,
ধানসিঁড়ি নদীর পাড়ে এখনো উড়ে উড়ে কাঁদে সোনালি ডানার চিল,
বিষাদের সব মন্ত্র দিয়ে বাংলার দুরন্ত বাতাসে
শঙ্খচিল শালিখের বেশে- কিশোরীর পায়ে আলতা হয়ে,
শিমুলের ডালে, শিরিষ বনে কুয়াশা ঢাকা সকালে
সবখানে জীবনানন্দ তুমি আছ জীবনে- সব রঙ নিয়ে
বিষাদের কুয়াশা মাখিয়ে, জীবনের আনন্দ হয়ে