কিশোর রাসেল
বেহুলা বোনেরা যায় কলার ভেলায়
স্বর্গদেশ অভিমুখে, মুজিবের খোঁজে
বঙ্গবন্ধু মুজিবুর, শেখ মুজিবুর।
সে এক অনন্তপুরী স্বর্গভূমি দেশ,
হাজারো ঝরনাধারা ঝংকৃত পুরী:
সেখানে দিগন্ত জুড়ে বীথিকা বিলাস;
সেখানে অনন্তপুরে শারদ শাপলা;
হেমন্তের কুন্দকলি, শীতে লোধ্ররেণু;
বসন্তের কুরুবাক, গ্রীষ্মের শিরীষ;
বরষা বর্ষণ কালে কদম ও কেয়া।
ঈষৎ নীলাভ লাল মহুয়ার গুটি
ঝুলে আছে, দোল খাচ্ছে মৃদুমন্দ বায়ে;
ঠোঁটের সমুখে অতি সন্নিকটে ঝুলে
ইশারায় দিচ্ছে ডাক চুম্বন আবেগে।
সেখানে সুখের নদী মাটি ফেটে ওঠে,
অপ্সরী আসে যেন অন্তরাল ভেঙে,
দেহের বল্লরী দোলে, অপ্সরীরা নাচে।
সেখানে কোমল শিশু হাজার হাজার
বিপুল হরষে নাচে, খেলায় মত্ততা,
দৌড় দেয়, দোল খায় পিতামাতা কোলে
শান্তিময় কবুতর স্ফূর্তিতে মুখর।
বেহুলা বোনের দল সহসা সেখানে
দেখা পায় রাসেলের, কিশোর রাসেল–
ঘোরে ফেরে নদীতীরে। 'রুথ' একজন,
বাঁশি হাতে একা একা ডাকে জননীকে:
'আয় আয়, মাগো আয়, আব্বু কোথায়?'
সেখানে বঙ্গের বন্ধু শেখ মুজিবুর,
ব্যাকুলিত প্রশ্ন তার জিজ্ঞেস করেন
দুর্দিনের কারাগার সহচরগণে:
'আমার বুকের ধন, স্নেহের পুতুল,
রেণুর কোলের ফল, প্রেমের কুসুম,
স্বপনের রাজপুত্র, দু'চোখের মণি
রাসেল কোথায় ভাই, কোথায় রাসেল?
কোন প্রান্তে, কোন মাঠে, কোন নদীঘাটে,
কোন বন বনান্তের অরণ্যের পথে
আমার রাসেল আছে? বলো ভাই, বলো!'
'আব্বা আব্বা' বলে, জোর চিৎকারে
আসবে রাসেল তার 'আব্বার বাড়ি',
পাকিস্তান কারাগারে। আসবে কাছেতে,
দাঁড়াবে কাঁধের কাছে। কানের কাছেতে
লাগিয়ে দু'ঠোঁট তার জানাবে আকুতি,
'চলো যাই একসাথে, একসাথে চলো।'
রেহানা কোমল মেয়ে, দাঁড়িয়ে অদূরে,
কোনো কথা বলে না সে, করে না মিনতি,
নিরব দুঃখে ভরা হৃদয় পাথর।
রেণু চায়, কারাগার ছাড়ুক আমাকে!
কী করে বলবো আমি কবে ছাড়া পাবো?
ওরা তো অ-শেষ বন্দি রাখবে আমাকে;
আমিও প্রস্তুত আছি, আজীবন আছি–
"বড় কারাগার থেকে ছোট কারাগার।"
রাসেল চায় না যেতে, তবু যেতে হবে।
দেব না তোমায় যেতে, তবু যেতে হবে।
সব চেয়ে পুরাতন কথা, সব চেয়ে
গভীর ক্রন্দন: দেব না তোমায় যেতে!
১৮/১০/২০১৭ইং
