মুহম্মদ নূরুল হুদার কবিতা: শুভ হোক শান্তিজন্ম
জননী বেগম ফজিলতুন্নেছা, জন্মদেশ বাংলাদেশ
বাবা মুজিবের বুক সন্তানের আশ্রয় অশেষ
ঘরে ঘরে জাতিভাই, ঘরে ঘরে জাতিবোন
তোমার বাঙালি ভাই, তোমার বাঙালি বোন
জাতিবাঙালির দিকে জগতের দৃষ্টি নির্নিমেষ
তুমি সেই বাঙালির প্রতিকৃতি জগৎ-সভায়
সম্প্রীতির শরণার্থী এ পৃথিবী তোমাকেই চায়
শান্তির সোয়ারি তুমি দেশে দেশে সোনার নৌকায়
পিতৃহীন মাতৃহীন হে অনাথ যাও ভেসে যাও
পিতৃহীন মাতৃহীন জগতের সব শিশু কোলে তুলে নাও
অনাথ শান্তির মুখে জননীর বুক খুলে দাও
মাতা তুমি কন্যা তুমি জায়া ও জননী
শান্তির ঘরনী তুমি শান্তির ধরনী
থামাও ঘরে ও বাইরে অশান্তি-অশণি
সাধ যদি সাধ্য হয়, সে সাধ অগাধ
কূটচক্রী শক্তিধর গণবে প্রমাদ
শান্তিধর মানুষের শক্তি অনিশেষ
কাঁটাতারহীন দেশ তার জন্মদেশ
