২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাজহার সরকারের কবিতা: শুভ জন্মদিন আপা

মাজহার সরকার মাজহার সরকার

Published : 28 Sep 2017, 01:05 AM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
Hasina

বাংলাদেশের মানুষ তোমার দিকে তাকিয়েই
নিজের শক্তি সম্বন্ধে সচেতন হয়
মুহূর্তে মনে হয় আমাদের আর বন্দি করা যাবে না
তুমি যখন বঙ্গোপসাগরে হেঁটেছিলে
সাগরের জল পা দুটোকে ঘিরে ধরেছে
এত সুন্দর পা, একটা আগে একটা পিছে
বালুর শরীরে শুভ্র শঙ্খের আকুতি নিয়ে হেঁটে গেছে
তুমি যখন জেলখানায় বন্দি ছিলে
ছাত্ররা রাজপথে স্লোগান দিয়েছে
অপসৃয়মাণ গ্রাম
আন্দোলিত ধানখেত
ধু-ধু প্রান্তরের দিকে
তোমাকে আর কখনো বন্দি দেখতে চাই না
এমনকি ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ডে, সোনার পয়সার পিঠে
এবার গান হবে

বাতাসের
বৃষ্টির
ফসলের
আসলে তোমার অন্তরটা খুব লাল
টেকনাফ থেকে তেতুলিয়া
রূপসা থেকে পাথুরিয়া
বাংলাদেশের যে কোন রাজপথে
মিছিলের মতো চওড়া তোমার হৃদয়
সারাদিন ষোল কোটি ভোর চোখে
পায়রার কোমল বুকের দরদ নিয়ে তুমি দাঁড়াও
ঘাসের অন্তরঙ্গ উদ্বোধনী ভাষণে
তোমার আঁচল যেন সবুজ মাঠ, ঘাসের নিবিড়ে
তোমার দিকে তাকিয়েই শুধু থাকি
মৃত্যু
ঘৃণা
বিভ্রম
ভয় কেটে আসে
আমরা যখন সারারাত সবাই মিলে মাটি খুঁড়েছি
একটি রূপোর খনির লোভে
মাটির আড়ালে
হারিয়েছি শেকড়
তখন তুমি দিলে সোনার চাকা
তোমার মুখ কি করে হয় সবার মায়ের মতোই
উদ্ধত খুনির হাত থেকেও পড়ে যায় খোলা চাকু!
আমরা প্রার্থনার ভঙ্গিতে ভালোবাসতে শিখি
সমস্বরে গান গাই, এই মানচিত্রে কোন হিংস্রতা চলবে না
বাহান্নর রক্তকে আমারা নিজেরই রক্ত জানি
একাত্তরের রাইফেলকে ভাবি বাঙালির জাতীয় অস্তিত্বের প্রহরী
আমাদের সেই বিশ্বাসের বন্ধু তুমি
এই বাংলাদেশে মানুষের নিকটতর বন্ধু
তোমার কাছ থেকে আসে প্রেম ও প্রেরণা
কখনো তোমার আশ্রয় থেকে পিছলে পড়তে চাই না
যুদ্ধ নয়
আনন্দের
শান্তির
উৎসবের
একটা ঝড়ের প্রত্যাশায় মানহারা মানুষের কণ্ঠস্বর
তুমি, ওই দাবি সবার
প্রিয় আপা, বুলেটের ক্রুর কামড়ে তুমি বেঁচে থাকো
তোমার জীবন, মৃত্যু থেকেও অন্য কোন গভীর বিষয়ে
প্রতিদিন বাংলাদেশ, কি দারুণ দ্রোহী!

Image
Flag Counter