অলভী সরকারের পাঁচটি চতুর্পদী
১.
দেখছি না মানুষের মাথাগুলো নেই,
দেখছি না তারপরও মাথাগুলো আছে।
সুড়ঙ্গে নেমে গ্যাছে আগুনের পাখি,
শিকারী আঙুলগুলো ঝুলন্ত গাছে।
২.
তর্কের শেষ নেই কথার পেছনে
আসুন তর্কে নামি, উঠিনি যেখানে।
নামলেও ওঠা যায়, উঠলেও নামা,
আমরা শিখেছি শুরু, শিখি নাই থামা!
৩.
আমি চাই তুমি হও উড়ন্ত চিল
রাজপথে থেমে যাক আহত মিছিল।
উড়ছে উড়ুক সব বাদামী বাদুড়,
তাল ভেঙ্গে জড়সড় শত শত তিল।
৪.
রোদের কাঁচের নিচে জঙ্গুলে হাওয়া
আমি, তুমি, আমাদের ভুল আসা-যাওয়া;
স্বপ্ন দেখি না রোজ অসুখের মতো,
আমরাও জেগে আছি আহত-নিহত।
৫.
নগরে ফিরেছে ভাঙ্গা জাহাজের স্তুপ
সুকালের সুশীলেরা বেশ নিশ্চুপ।
কাছে পিঠে রাখা আছে বাই সাইকেল,
সবুজ হলেও তিনি ঝুনো নারকেল।
