২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশ রায়ের কবিতা: পদ্মভুখ

স্বদেশ রায়

Published : 13 Sep 2017, 01:11 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

আমি যে মাঝে মাঝে সাঁতার কাটি এ নয় আমার মৎসাবতার অধ্যায়।
এ শুধু আমার পলাতক এক মনের খেলা, যা খেলে যায় কোন এক
অচেনা শরীরের টানে। মানুষের এই মৎস হবার বিরুদ্ধ হাওযায় অনেক কথা
ওঠে। আবার এই সাঁতারকে ভালোবেসে কত কবিতা ঝরেছে কন্ঠে কন্ঠে।
এসবের কোন কিছুর মধ্যে নই আমি, কোন দিন লিখিনি কোন কবিতা ।
মানুষের মনকে দেখিনি কখনও উপুড় করে কতটা মদির রস ঝরে পড়ে
সেখান থেকে। বরং মদিরার পাত্র উপুড় করেছি নিজের ঠোঁটে, হেঁটেছি
টালমাটাল পায়ে, রাতের শিয়ালের মত আমিও থেকেছি বুভুক্ষ এক,
ডেকেছি করুণ চিৎকারে সকলেরে, পাইনি কাছে কোন পদ্মভুখ কীটকে
যার শরীরে কেবলই পদ্ম পাপড়ির গন্ধ আছে মিশে। নতুন সুর্যোদয়ে
হেটেছি আমি অগুনিত কেরানীর সাথে, যাদের সকলের মুখ মিশে
যায় ফার্মের ইলেকট্রিক বাল্বের নিচে থাকা মুরগির সাথে, ডিম দিয়ে যায়
তারা শুধু, যে সব ডিমে সৃষ্টির নেই কোন আনন্দ, জীবনে যাদের আসেনি

কখনও কোন রমন ও বসন্ত। মাঝে মাঝে ওই সব সঙ্গ ছেড়ে, নিজেকে
নিয়ে পলাতক আমি সাতার কাটি, সাতার কাটি চেনা বা অচেনা
সাগরে, সেখানে যদি না মেলে কোন সিরিয় বা মিশরীয় গোলাপি হাত,
নিজের হাতে মদিরার পাত্র উপুড় করে দেখি, গোলাপ ছাড়া কত খালি
হাত ভিক্ষে চেয়েছে কোন এক মানবীর কাছে, তাদের দলে আরও
কত হাত আসবে অনাগত গভীর – গভীরতর গাঢ় অন্ধকার রাতে।