রেজাউদ্দিন স্টালিনের কবিতা: বিরামচিহ্ন
অনেক দূর যেতে হবে বলতেন–নানীমা
রবার্ট ফ্রস্ট পড়েননি তিনি
মান্য করেছি–হতোদ্যম হইনি কখনো
জানি গন্তব্য অনিঃশেষ
আর এই কবিতা যা' জীবনের দ্যোতক
তার কোথাও বিরামচিহ্ন ফেলিনি
একটি কমার ভারও
চাপাইনি তার কাঁধে-সেমিক্লোনতো দূরে থাক
দাঁড়িচিহ্নের মধ্যে কেমন যেন মৃত্যুর গন্ধ
তাকে আপ্রাণ আড়াল রেখেছি
কবি-জীবনানন্দের পছন্দ হাইফেন
যা' দূরযাত্রার সংযোগধ্বনি
ইনভারটেড কমার মধ্যে রেখেছি–দারুচিনি দ্বীপ
সেখানে নোঙর ফেলিনি কোনোদিন
নিরবচ্ছিন্ন যাত্রা
পথে পথে ছড়ানো ছিটানো বিরামচিহ্ন–বনলতা সেন
আর এই অন্ধকার
