স্বদেশ রায়ের কবিতা : রেখা
বিকেলের আকাশ জুড়ে উড়ছিলো ছোট পাখিগুলো
ওরা যতই ওপরে উঠে যায় ততই ওদেরকে পতঙ্গ মনে হয়;
ওরা এক সময়ে চোখের সীমানা থেকে হারিয়ে যায়।
দৃষ্টিশক্তি আসলে কতদূর যেতে পারে? সূর্য কাছে নেমে
আসে তাই তো আলোর দেখা। পাখিগুলো দূর আকাশ
থেকে ফিরে এলে দেখা দেয় উজ্জল পাখনার পালক।
তুমি আর আমি কি দৃষ্টি সীমার বাইরে যেতে পারি?
হিসেব করতে পারি কি- কে এসেছিলো দৃষ্টিসীমার মধ্যে
তাই আমাদের আজ এই একে অপরে দেখা?
আমরাও কী মাঝে মাঝে পতঙ্গ হয়ে যাই, কেউ কি
চলে যাই দৃষ্টি সীমার শেষ প্রান্তে- যেখানে শুধু একটি রেখা।
