২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়িয়া বাড়ি

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 17 Jun 2017, 02:09 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

পাহাড়ে জন্মেছি আমি পাহাড়েই ঘর
পাহাড়ে সংসার গড়ি, পাহাড়ে কবর।
সবুজ পাহাড়ে বুনি সবুজের মন;
সবুজ অবুঝ ভাষা : বনের বচন।

পাখি-প্রাণি ঝর্ণা-ঝিরি মাচাং কাচারি
আমার রাজারবাড়ি হাজারদুয়ারি।
আদিম বনের বংশ স্বাধীন স্বভাবী;
বনে আছি বনে বাঁচি, কে বলে অভাবী?

হাজার বছর ধরে এ বাড়ি অনড়;
বাড়িতে বাঁশের বেড়া, চালে পাতা-খড়।
জোছনাপশর রাতে রোদ-ধোয়া দিনে
যুগল জুমিয়া চাষে সুখ নেই কিনে।

পাহাড়ির নেই কোনো বাড়তি চাহিদা
পাহাড়ির দেহে মনে পাহাড়ি অকিদা।
পড়শি বাঘিনী-বাঘ, সিংহ-নাদ শুনি;
আমরা ছিলাম বেশ, সুখে দিন গুণি'।

কেন তবে কালরাতে কালান্তর শুরু?
পাহাড়ের সুখী বুক কাঁপে দুরু দুরু।
আসে যন্ত্র ফুঁস-মন্ত্র যন্ত্রের দানব
খোঁড়ে মাটি গড়ে ঘাঁটি ঘটায় তাণ্ডব।

রাতে চাঁদ দিনে সূর্য, পাতা তবু ফাঁদ;
দখলকারেরা করে চতুর আবাদ।
কখনো কাটি না আমি আমার পাহাড়;
যে এসে পাহাড় কাটে ধরি তার ঘাড়।

যদিও বাড়িয়ে রাখি সম্প্রীতির হাত,
জবরদখলী এলে ভাঙি তার দাঁত।
তাই নিয়ে বাঁধে যদি কখনো লড়াই,
সম্মুখ-সমরে যাই, কভু না ডরাই।

নারীতে পুরুষে লিঙ্গে নেই ভেদাভেদ;
কর্ম-ধর্ম মূলধর্ম : সংসারের বেদ।
ছিলাম স্বাধীন আমি, এখনো স্বাধীন;
মু্ক্তবিশ্বে মুক্তশিশু নয় পরাধীন।

যে করেছে স্বাধীনতা আমার হরণ,
আমি তার যমদূত, সাক্ষাৎ মরণ।
বাঘ আর ভল্লুকের আমি জ্ঞাতিভাই;
সর্বপ্রাণবাদী আমি, ভেদবুদ্ধি নাই।

কে তুমি চতুর প্রাণী, দাও ভিন্ন পাঠ?
আমার কুঠার কাটে জীবিকার কাঠ।
করি না পাহাড় সাফ জুম চাষ ছাড়া।
হিংসার পাহাড় কাটে: কারা, ওরা কারা?

দখলীরা যে কৌশলে করেছে প্রবেশ,
সে কৌশলে ধরে তারা বন্ধুত্বের বেশ।
কাটে কাঠ, কাটে মাটি, সরায় সম্পদ;
তারাই গোখরো সাপ, তারাই আপদ;

তারাই এনেছে ডেকে পাহাড়িয়া ধস।
প্রকৃত পাহাড়ি কিন্তু প্রকৃতির বশ।
অজাচারী অপাহাড়ি লুটে যদি সব,
বানের গজবে ভাসে লুটেরার শব।

শুদ্ধচিত্ত ঘোরে নিত্য গিরি-সমতল
মুনি-গুণী গড়ে ঘর জীবনমঙ্গল।
গিরিতে হেরেছি হেরা, নির্বাণ-আশ্রম;
গিরিতে উঠেছি বেড়ে বীর-পরাক্রম।

আমি তো করি না ঘৃণা কোনো সুরাসুর,
নিজেকে সুহৃদ জানি বনের পশুর।
কেবল তাকেই আমি করি প্রত্যাঘাত,
যে আমাকে হীনস্বার্থে করেছে আঘাত।

পাহাড়ে জন্মেছি আমি, পাহাড়িয়া ঢেউ;
মানুষ আমার মিত্র, শত্রু নেই কেউ ।
প্রাণে প্রাণ যোগ করি, ঘ্রাণে করি ঘ্রাণ;
ভালোবাসা মূল মূদ্রা, মূল পরিত্রাণ।

১৫-১৭.০৬.২০১৭

Image
Flag Counter