২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুননু রাইনের শিরোনামহীন কবিতা

জুননু রাইন

Published : 28 May 2017, 12:25 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

শিরোনামহীন-(এক)

সত্যি সত্যি তুমি খুব মিথ্যেবাদী। যা বিশ্বাস করো, সবকিছু সত্য ভাবো। কোনো কিছুই কোনো কিছুতে থাকে না, যদি তুমি না রাখো দেবী।

তুমি কি হাত ধরতে চেয়েছিলে? সেও তো সত্য ছিলো! তাই না?
যে আকাশের নিচে তুমি হাঁটো, সেখানে আমিও আছি। জানালা খুলে যে বাতাসে নিজেকে এলিয়ে দাও, প্রতি গতরাতে তোমাকে নিবেদিত আমার সব ভালোবাসা ধুয়ে মুছে সে'ই নিয়ে যায়। সত্য-মিথ্যের শাপলুডুতে আপাতত আগ্রহ নেই।
ভালোবাসার চোখে নিজেকে রোপন করে করে যাই। এ আমার গতি, আমারই নির্মিত নিয়তি।

নারায়ণকে অনেকটা সময় বুকে চেপে ধরে রেখেছিলাম, সে তোমাকে ছোঁবে বলে। তোমার হাত তাকে স্পর্শ করবে। হয়তো বিছানায় তোমার পাশে শোবে। বুকে নেবে কিনা জানি না! বালিশের নিচেও হতে পারে তার ক্ষণিক আশ্রয়। সে তোমাকে বুঝলে অথবা তুমি তাকে; আমাদের কিছুটা কি হবে না ভাবনার বিনিময়!
পৃথিবীটা অনেক বড়। মানুষ তার চেয়েও বড়। জীবনের কোনো সীমানা নেই,
হয়তো তুমিও জানো, ভালোবাসা ছাড়া কি আছে পাবার? ভালোবাসা ছাড়া কিছু নেই হারাবার

শিরোনামহীন-(দুই)

ওজন বেড়েছে, রাত্রিটার। এবং পিচ্ছিল স্যাঁতস্যাঁতে কালোতে, ধরা যাচ্ছে না, ছোঁয়াও যাচ্ছে না। এখন সে আমার জানালা, টেবিলে বসে থাকা, কোনো কথা নাবলা এবং মৃদু পায়ে হাঁটা হয়ে আছে; চোখের ভেতরের দমগুলো কুড়োচ্ছে। বারান্দায় তার ঘনঘটা। একা পারছি না, ঝাড়ু দিয়ে সরাতে ছেঁড়া পঁচা গন্ধমাখা রাত্রিটাকে।

ওজনটা বেড়েই চলেছে। সমুদ্রের ঢেউয়ে সে, আমার চোখে এসে পড়ছে। আমি কিছুই দেখছি না, চারিদিকে অসহায়ত্বের মরা ফুল ছাড়া। অথচ আবারও দেখছি তাকে। যে মানুষের মতো মহৎ ইতরপ্রাণী। বারবার মরেও প্রকৃত মৃত্যুর মধ্যে লুকিয়ে থাকে, মরার ভয়ে। এই ব্যর্থতার সুফলে বিরক্তিগুলো সত্য হয়ে উঠছে এ শহরের ব্যস্ত রাস্তার মতো। একা পারছি না, পিচঢালা ভাঙ্গা মহারাস্তা হতে। কুলোচ্ছে না ভার হয়ে ওঠা জীবনের অভিনয়। লুকনো আর লুকোচুরির সাপের মতো প্যাঁচিয়ে রাত্রির উচ্ছিষ্ট বানানো, দেখতে চাচ্ছি না।

একা পারছি না। আমাকে বাইরে রেখে, ঘরে থাকতে চাচ্ছি না। পারছি না।

শিরোনামহীন-(তিন)

সেদিন খুব ইচ্ছে হবে। তোমার সঙ্গে কথা বলতে। আপাতত ইচ্ছেরা যে যার হাতিয়ার দিয়ে আমার হৃদয় খোদাই করে আসন নিয়েছে। আমি ওদের বলেছি, খুব লাগছে… তোমাকে বোধ হয় ওরাও ভালোবাসে। বসে আছে আমার হয়ে। আমাকে সঙ্গ দিচ্ছে। কেউ আমার কলিজায় বসে আছে পায়ের ওপর ঠ্যাং তুলে, কেউ খেলছে ফুটবল, ক্রিকেট, কেউবা আমার প্রিয় ক্যারাম।

ধুপ ধাপ ধুপধাপ শব্দে আমার ভেতর গোরস্থানের কেঁপে ওঠা দেখে- আমি জল পান করতে চাইলাম। ওরা আমাকে নিচের দিকে টেনে ধরল। আমি থাকি পাঁচ তলায়। ওরা আমাকে টানছে তো টানছেই। আমি নামতে নামতে ক্লান্ত হয়ে দেখি- পাঁচ তলাতেই আছি…

ওরা তোমার মতো জ্ঞানী। অতটা গুণী আর মানবিক হয়ত না। আমাকে সিনেমা দেখায়। কী অভিনয়! আমি সত্য ভেবে কেঁদে ফেলি। ওরা হাসে। আর আমি তখন বুঝতে পারি, তুমি হয়ত হাসতে না! অন্তত ভেতরে ভেতরে…