২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে কাড়ে অন্যের ধন

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 01 May 2017, 05:39 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

প্রেমিকের প্রেম আর শ্রমিকের শ্রম
গড়ে যদি পৃথিবীতে মানব-আশ্রম,
ভেদাভেদ থাকবে না শোষিতে–শোষকে,
কেউ হাত বাড়াবে না অপরের হকে।

শ্রমে-প্রেমে ধন-ধান্যে পূত বসুন্ধরা
চলন্ত-অনন্ত পোত অনন্ত-অধরা;
নাবিক শ্রমিক হলে সুষম কাণ্ডারীঃ
প্রেমিক নাবিক নয় মজুতভাণ্ডারী।

জন্মসূত্রে মানুষেরা শ্রমিক-প্রেমিক,
জন্মসূত্রে কেউ নয় শোষক-মালিক;
মূর্ত-বিমূর্ত ধনে সম অধিকার
জন্মসূত্রে মানুষের; সম্পদ-পাহাড়

কেন তবে গড়ে তোলো হে লোভী মালিক?
যে কাড়ে অন্যের ধন, ধিক তাকে ধিক!

১.৫.২০১৭

Image
Flag Counter