চাকা ভাঙা গাড়ি সভ্যতার
কৃষকের হাতে কাস্তে কোদাল চকচকে ফাল হাল লাঙল
হাতুড়ি নেহাই গাঁইতি শাবল শ্রমিকের স্বেদ-নোনতা জল
কুমোরের চাকি আগুন হাঁপর আগ্রাসী শ্বাস কর্মকার
রৌদ্রে পোড়ানো চর্মপত্র সূঁচের গল্প লিখছে কার
লিখছে গল্প ফালের কলম ফেড়ে ফেলা মাটি শস্যবীজ
ধানের উঠোন পাটের আড়ত কাঁথাবোনা নকশি-দহলিজ
লিখছে গল্প পাথরের চাঁই খোয়াভাঙা দিন ছ্যাঁচা আঙুল
গগনচুম্বী অট্টালিকায় মেঘবালিকারা শুকায় চুল
লিখছে গল্প শিকবেঁধা দেহ রাজমিস্তিরি ভাগ্যবান
বিশ্ববিবেক মহাজাগ্রত কাঁপে থরথর সংবিধান
ভাঙছে জুড়ছে কাটছে ফাড়ছে মৃত লাশবাহী অন্ধকার
ফুলে ফুলে ঢাকা কিংখাবে মোড়া চাকা ভাঙা গাড়ি সভ্যতার।
