ভালোবাসি সেই খেলা যে-খেলায় জিত আছে উভয় দলের
খেলায় আমার কোন আগ্রহ নেই বলে সহকর্মী, বন্ধুরা, এমন কি, আত্মীয়রাও
স্বাভাবিক নই বলে সন্দেহ করে।
ফুটবল, পিংপং, ক্রিকেট, টেনিস, এমনকি রাগবিও
আমার মধ্যে কোনো উত্তেজনা সঞ্চার করে না কখনো।
কিন্তু আমি অন্য কিছু খেলতে ভালোবাসি
চৌষট্টি চালের এক আমরণ খেলা
যেখানে আমার প্রতিপক্ষ শুধুই একজন;
এ খেলায় নেই কোনো ইনজুরি কিংবা প্রমাদ
এ খেলায় দর্শক থাকে না কখনো।
লাগে না ফুটবল কিংবা গল্ফের মতো কোনো সুবিশাল মাঠ,
দরকার নেই কোনো আলো;
অন্ধকারে এই খেলা জমে বেশি ভালো।
অধিকন্তু এই খেলায় লাগে না রেফারি,
যেহেতু থাকে না এতে নিয়ম কানুন।
খেলতে গিয়ে যদি একে অন্যকে চার্জ করে, তাতে কোনো
ইনজুরি নেই, বরং উত্তেজনা আছে, আছে আনন্দ অপার।
আর এটা এমনই এক খেলা, যে-খেলায় দুই দলই চ্যাম্পিয়ন হয়।
হার নেই, শুধু জিত আছে উভয় দলের।
এ-খেলার একমাত্র ইনাম–'তৃপ্তি'
যা আসলে দুই দলই সমানভাবে ভাগ করে নেয়।
আমি এই সাম্যবাদী খেলা ভালোবাসি।
আমার এই কবিতাটি ফুরিয়ে যাবার আগে
পাঠকদের আমি শুধু এটুকুই বলি:
সত্যিকার খেলোয়াড় যারা
"তারা কখনো ধুলায় খেলে না।"
আমি যে খেলার কথা বলছি তা যে কতটা কঠিন
ক্রীড়ামোদীদের আমি কী করে বুঝাই।
কারণ এই ক্রীড়া-প্রতিযোগিতায় কোন পক্ষ
আগে পিছে থাকা মানে খেলাটি পন্ড হয়ে যাওয়া।
ফলে এ খেলায় যত বেশি দক্ষতা, সহমর্মীতা প্রয়োজন
অন্য কোন খেলাধুলা তার তুল্য হবে না কখনো।
আমি এই পৃথ্বীর সবচেয়ে প্রথাভেদী কঠিন খেলাটি ভালোবাসি।
সমান্তরাল থাকাটাই এ খেলার মূল আকর্ষণ।
শত্রুতা বোধ নয়, মিত্রতাই এ খেলার মূল দর্শন।
ইতোপূর্বে আর্টস বিভাগে প্রকাশিত রাজু আলাউদ্দিনের অন্যান্য কবিতা:
ধর্মাশ্রয়ী কোপ
