২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের আয়নায় ১৭-কে আমি ৭১ দেখি

তারিক সুজাত তারিক সুজাত

Published : 20 Apr 2017, 10:09 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

রাষ্ট্র যখন প্রতিদ্বন্দ্বী
কী আর করা!
তজবীর দানার বদলে যারা
আমার পূর্বপুরুষের খুলি দিয়ে
জপমালা গেঁথেছিলো
তাদের দাড়ি আর আলখাল্লায়
আকাশ কালো করে
এ বৈশাখে ফের ঝড় ওঠে!
রুগ্ন সংবিধানটিকে
যেদিন ধর্মের পোষাক পড়ানো হলো
সেই মুহূর্তেই নগ্ন হলো
মাতৃ-প্রতিভু শহীদ মিনার,
৫২-'র উৎসভূমি থেকে
প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে
প্রতিবাদী বর্ণমালা!

সময়ের আয়নায়
১৭-কে আমি ৭১ দেখি
যারা আমাদের ইতিহাসকে
এ্যাম্বুলেন্সে তুলতে চাচ্ছেন;
দোহাই একটু শুনুন,
সাইরেন বেঁজে যাচ্ছে, বেঁজে যাচ্ছে…
তবুও আমরা
একটুও ভীত নই,
ত্রিশলক্ষ শহীদের কবর ফুড়ে
প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে
অবিনাশী সেই সুর
'আমার সোনার বাংলা
আমি তোমায় ভালাবাসি'

১৮ এপ্রিল, ২০১৭